শীতের হাওয়ায় লাগল নাচন
রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করেছে। মৃদুমন্দ হাওয়ার বেগে শীতও আসছে ধীরে ধীরে। যতই দিন যাবে, ততই শীতের তীব্রতা বাড়বে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে। ফলে বলা যায়, শীত জাঁকিয়ে নামছে এবার। সেটা টের পাওয়া যাচ্ছে বাজার, ফুটপাত, বিপণীকেন্দ্রে শীতবস্ত্রের পসরা দেখেও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুইটি মৃদু (আট থেকে ১০০ ডিগ্রি সে.) অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসে শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার দায়িত্বে নিয়োজিত কমিটি নভেম্বরের প্রথম সপ্তাহে এই পূর্বভাসের কথা জানায়। ওই সভা থেকে নভেম্বর মাস থেকে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছিল এবং কোথাও কোথাও ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়ার কথা বলা হয়েছিল। পূর্বাভাস অনুযায়ী নভেম্বর মাসে দিনের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সন্ধ্যা ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। এর আগের দিন সোমবার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ বলেন, ‘আস্তে আস্তে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে। ডিসেম্বরে শীতের তীব্রতা বাড়বে।’একইভাবে ডিসেম্বরের পর জানুয়ারিতেও ঘন ও মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। শীতের হাওয়া লাগার সঙ্গে সঙ্গেই নগর ও গ্রামীণ জীবনে পরিবর্তনও লক্ষ করা যাচ্ছে। নগরের বিপণিকেন্দ্রগুলোতে এখন শীতের গরম কাপড়ের আধিক্য বেড়েছে। শীত মোকাবিলার জন্য সবাই প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহে নেমেছে।