
এইচএসসির ফল প্রকাশ হওয়ার পর কয়েক বছর ধরে খবরের শিরোনাম হয় কলেজটি। নরসিংদী সদরে প্রতিষ্ঠিত কলেজটির নাম ‘আবদুল কাদির মোল্লা সিটি কলেজ’। টানা তিন বছর ঢাকা শিক্ষা বোর্ডে ফলাফলের দিক থেকে দ্বিতীয় স্থানে, দুবার সারা দেশে দ্বিতীয় স্থানে।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটির ফলাফল একবারই ‘খারাপ’ হয়েছিল, পাস করেছিল ৯৯ শতাংশ! সেটা ২০০৮ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ছয় বছর ধরে ১০০ শতাংশ পাসসহ ঢাকা বোর্ডে তো বটেই, স্থান করে নিচ্ছে সারা দেশে সেরা কলেজগুলোর সংক্ষিপ্ত তালিকায়। ২০১২ সাল থেকে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে দ্বিতীয় স্থান ধরে রেখেছে কলেজটি। এ বছর ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৮ জন পেয়েছে জিপিএ ৫, আর বাকি ১০ জনও জিপিএ ৫–এর কাছাকাছি।

শুধু শতভাগ পাস, আর ভালো নয়, বিগত বছরগুলোর ফলাফলের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী বাদে যারা কম জিপিএ নিয়ে ভর্তি হয়, তারা প্রত্যেকে এইচএসসিতে উন্নতি করে। এই ধারাবাহিক সাফল্যের পেছনের রহস্য কী? অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, ‘কলেজের সার্বিক শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা আর ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারাটাই শিক্ষার্থীদের ভালো ফল করার মূল কারণ।’
এরই মধ্যে কলেজের খ্যাতি ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাই শুধু নরসিংদী জেলা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে ভর্তি হচ্ছে কলেজে। যেমন কিশোরগঞ্জ থেকে আসা একাদশ শ্রেণির শিক্ষার্থী ইশিকা তাবাসসুম। এত কলেজ থাকতে এখানে কেন ভর্তি হওয়া? উত্তরে ইশিকা বলে, ‘এখানে ভালো ফলের নিশ্চয়তা পাওয়া যায় বলে পরিবার থেকে ভর্তি করানো হয়েছে। ক্লাস শুরুর পর থেকেই অবশ্য বুঝতে পেরেছি কেন এই কলেজ সেরা হয়।’ কেন সেরা হয়? তার কথার সঙ্গে তাল মেলায় লতা রানী বর্মন, ‘এখানে সবকিছুই গোছালো, নিয়মতান্ত্রিক। শিক্ষকেরা খুব বেশি আন্তরিক। আমাদের সমস্যাগুলো তাঁরা বুঝে নিয়ে সমাধান দিতে চেষ্টা করেন।’

কলেজ কর্তৃপক্ষ সূত্রে থেকে জানা গেল, বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণির তিনটি বিভাগ মিলে প্রায় ৯০০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে তিনটি, ব্যবসায় শিক্ষা শাখায় তিনটি আর মানবিক শাখায় দুটি সেকশন চালু আছে। প্রায় ৯০০ শিক্ষার্থীর জন্য রয়েছেন ৫০ জন শিক্ষক। এ প্রসঙ্গে উপাধ্যক্ষ মাহমুদুল হাসান বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আমরা সমান নজর দিই। নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর দায়িত্বে থাকেন একজন শিক্ষক। তিনিই এসব শিক্ষার্থীর লেখাপড়া থেকে শুরু করে সার্বিক বিষয় তদারকি করেন।’
কলেজে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে পৃথক দুটি হোস্টেল, যেখানে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০। হোস্টেলের সার্বিক বিষয় দেখভালের দায়িত্বে থাকে শিক্ষকদের একটি দল। তাঁরা প্রত্যেক শিক্ষার্থীর লেখাপড়া, স্বাস্থ্য থেকে শুরু করে বিষয়ভিত্তিক সমস্যা নিয়ে কাজ করেন। আর এসব আবাসিক শিক্ষার্থীকে কলেজে আনা-নেওয়া করা হয় নিজস্ব বাসে। একাদশ শ্রেণির জয়দেব চন্দ্র দাস বলে, ‘হোস্টেলে রুটিনমাফিক চলতে হয় আমাদের। সপ্তাহে এক দিন ছুটি পাই বাইরে বেড়ানোর। অবশ্য হোস্টেলে খেলাধুলার সুবিধাসহ সবকিছুই আমরা পাই।’
শুধু রুটিন আর পাঠ্যবইয়ের বেড়াজালে বন্দী নয় কলেজের শিক্ষার্থীরা। তারা পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমেও পিছিয়ে নেই। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যুক্ত আছে বিতর্ক ক্লাব, ইংরেজি শেখার ক্লাব, বিজ্ঞান ক্লাবের সঙ্গে। এ বছর সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে অর্জন করেছে বেশ কয়েকটি পুরস্কার।
কলেজের সাবেক শিক্ষার্থীদের অনেকেই এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সুযোগ পেয়েছেন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে।
কলেজটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা বলেন, ‘যুগে যুগে মানুষ চলে যায়, কিন্তু তাঁর সৃষ্টি রয়ে যায়। আর একটি সমাজকে বদলে দিতে পারে শিক্ষা। তাই আমি শিক্ষার প্রসারে কাজ করে যেতে চাই।’