শীর্ষ থেকে নিচের সারির অনেকেই জড়িত
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে সংঘটিত নানা দুর্নীতির তদন্ত করেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন) রবিউল রেজা। এই তদন্তের পরিপ্রেক্ষিতে ১৩ জুন বিটিভির সহকারী পরিচালক (প্রশাসন) হেলাল কবিরের সই করা একটি চিঠি পাঠানো হয় সিটিভির মহাব্যবস্থাপক বরাবরে। এতে বিটিভি চট্টগ্রামকেন্দ্রের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অনুষ্ঠান সহযোগী শাহনেওয়াজ লিটন ও এমএলএসএস মো. লিটনের চুক্তি বাতিল এবং চট্টগ্রামকেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী সুজিত রায়কে বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। এ আদেশ ১৮ জুন থেকে কার্যকর করার কথা বলা হয়। একই সময়ে সিটিভির মহাব্যবস্থাপক রফিক উদ্দিন আহমেদ ও উপপরিচালক (প্রশাসন) আ ই ম মনছুর আহমেদকে কারণ দর্শাতে বলা হয়। জানা যায়, সিটিভির মহাব্যবস্থাপক রফিক উদ্দিন আহমেদের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছুটি ভোগ, প্রচারের তুলনায় অতিরিক্ত অনুষ্ঠান ধারণের অভিযোগ আনা হয়। উপপরিচালক আ ই ম মনছুর আহমেদকেও অননুমোদিত ছুটি কাটানো ও সিটিভির অনিয়মের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য কারণ দর্শানো হয়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠান সহযোগী শাহনেওয়াজ , এমএলএসএস লিটন ও শিল্পী সুজিত রায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠান শাখায় নানা অনিয়ম করে আসছেন। মহাব্যবস্থাপক রফিক উদ্দিন প্রায় সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করেই ছুটি ভোগ করেন। সন্ধ্যার পর তিনি টেলিভিশনকেন্দ্রে থাকেন না। তা ছাড়া সুজিত রায় জিএমের পক্ষে টেলিভিশন অনুষ্ঠান ধারণ, প্রচারের বিভিন্ন বিষয়ে তদারকি করতেন বলেও অভিযোগ করেন তাঁরা। এ সম্পর্কে বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) ফরিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। অভিযুক্তদের বক্তব্য: দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে সিটিভির মহাব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত রফিক উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কণ্ঠশিল্পী সুজিত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে হেয় করার জন্য এই অভিযোগ আনা হয়েছে। আমি কারও কাছ থেকে কোনো অন্যায় সুযোগ আদায় করিনি।’অনুষ্ঠান সহযোগী শাহনেওয়াজের বক্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এমএলএসএস লিটন জানান, ‘বিটিভির ঢাকা কার্যালয় থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক আমাকে চুক্তি বাতিলের চিঠি দিয়েছেন। কিন্তু কোন অপরাধে এমন শাস্তি, আমি তা জানি না। চিঠিতেও এর কোনো উল্লেখ নেই।’ তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি কোনো শিল্পীর কাছ থেকে টাকা-পয়সা নিইনি বা কারও সঙ্গে খারাপ ব্যবহারও করিনি।’ অপর অভিযুক্ত উপপরিচালক (প্রশাসন) আ ন ম মনছুর আহমেদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।