এক রোবটের কথা শোনা যাক। গবেষণার কাজে গিয়ে পার্বত্য অঞ্চলের দুর্গম গুহায় আটকা পড়েছেন এক বিজ্ঞানী। গুহার নিচে বিষাক্ত গ্যাসের কারণে তাঁকে উদ্ধার করতে পারছে না কেউ। কী হবে এখন? এমন সময় গুহার সামনে এসে দাঁড়াল এক মানব-আকৃতির রোবট, যার হাত-মাথা দুটোই নড়াচড়া করতে সক্ষম এবং মাথার ওপর একটি ক্যামেরা ও বাতি লাগানো। মুহূর্তেই রোবটটি গুহায় ঢুকে গেল। বাইরের কম্পিউটার মনিটরে দেখা গেল, রোবটটি বহু কষ্টে বিজ্ঞানীকে দ্রুত বের করে আনল গুহার তলদেশ থেকে। রোবটটির কারণেই বেঁচে গেল তাঁর প্রাণ। পাঠক, এতক্ষণ যে কাহিনি শুনছিলেন, এটি কোনো টিভি চ্যানেলে দেখানো কোনো সত্য কাহিনি নয়, এটি একটি কল্পিত দৃশ্য। তবে দৃশ্যটি বাস্তব না হলেও সত্যি সত্যিই ওই রোবটটি কিন্তু নির্মিত হয়েছে।‘অকৃত্রিম’ নামের এই রোবট নির্মাণ করেছেন ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষার্থী টি এম মনিরুজ্জামান, কাজী রফিক ও সাব্বির সজীব। আর এ তিন শিক্ষার্থীর তৈরি রোবটটি ‘প্রথম আলো-রেসিডেনসিয়াল মডেল কলেজ জাতীয় বিজ্ঞান উৎসব ২০১২’-এর প্রকল্প প্রদর্শন জ্যেষ্ঠ বিভাগে জিতে নিয়েছে চ্যাম্পিয়ন পুরস্কার। আর এ পুরস্কার ছিল মেকানিক্যাল বিভাগে। জ্যেষ্ঠ বিভাগে আরেকটি বিভাগ ছিল পরিবেশ। এ বিভাগে চ্যাম্পিয়ন হয় নটর ডেম কলেজের সাদ আহমেদ ও ফারহানুল হুদার ‘অটো কাল্টিভেটর’ প্রকল্প। মাটি খনন থেকে শুরু করে বীজ বপন ও ফসল কাটা পর্যন্ত সব কাজই করা যাবে আধুনিক পদ্ধতিতে তৈরি এ ট্রাক্টরের মাধ্যমে। তবে শ্রম ও সময় খরচ হবে সনাতন পদ্ধতির ট্রাক্টরের চেয়ে বহু কম।৯ থেকে ১১ ফেব্রুয়ারি রেসিডেনসিয়াল মডেল কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ বিজ্ঞান উৎসবে অংশ নেয় প্রায় ৭০টি স্কুল-কলেজের বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী। প্রকল্প প্রদর্শন ছাড়াও এ উৎসবে ছিল বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা; সাধারণ জ্ঞান ও সুডোকু প্রতিযোগিতা; বিজ্ঞান, রসায়ন ও অ্যাস্ট্রো ফিজিকস অলিম্পিয়াড।