
ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংক। এই ব্যাংকের আরেকটি প্রতিষ্ঠান এক্সিস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আর এ দুটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাব্যক্তি শিখা শর্মা। এক্সিস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানটির চেয়ারপারসনও তিনি। শিখা শর্মা ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। বাবা সেনা কর্মকর্তা হওয়ায় দেশের বিভিন্ন স্থানে কেটেছে শিখার ছোটবেলা। এভাবেই বিদ্যালয় ও কলেজ পর্যায় শেষ করে দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর ওমেন থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব আহমেদাবাদ (আইআইএ) থেকে এমবিএ ডিগ্রি নেন। এর বাইরে মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর সফটওয়্যার টেকনোলজি থেকে সফটওয়্যার প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিও নেন শিখা শর্মা।
১৯৮০ সালে ভারতের আরেক বৃহৎ ব্যাংক আইআইসিআই ব্যাংকে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেন শিখা শর্মা। জেপি মরগান এবং আইআইসিআইয়ের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত আইআইসিআই সিকিউরিটিস, আইআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিনীসহ এ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে এক্সিস ব্যাংকে যোগ দেন। এক্সিস গ্রুপে এক্সিস ব্যাংক ছাড়াও এক্সিস ব্যাংক ইউকে লিমিটেড, এক্সিস ক্যাপিটাল লিমিটেড, এক্সিস প্রাইভেট ইকুইটি লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কাজ করেছেন শিখা শর্মা। ২০০৮ সালে তাঁর নেতৃত্বে আইআইসিআই বাজার শেয়ার ৯.৪ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হয়। এ ছাড়া এক্সিস ব্যাংক বর্তমানে লাভজনক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক রয়েছে এ ব্যাংকের।
শিখা শর্মা কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ট্রান্সফরমেশনাল বিজনেস লিডার, ওমেন লিডার অব দ্য ইয়ার, বিজনেসওয়ার্ল্ড ব্যাংকার অব দ্য ইয়ার, বিজনেস টুডে হল অব ফেম, ইকোনকিমস টাইম বিজনেসওমেন অব দ্য ইয়ার ইত্যাদি। এ ছাড়া বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর করা এশিয়ার শীর্ষ ৫০ প্রভাবশালী নারী ব্যবসায়ী এবং ফাইন্যান্স এশিয়ার সেরা ২০ নারীর মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে আইআইএর সহপাঠী সঞ্জয় শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিখা শর্মা। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। কাজের নেশায় এখনো নিয়ম মেনে সবকিছুই করেন এবং করে যেতে চান সফল এ শীর্ষ ব্যাংক কর্মকর্তা।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, সূত্র: ফোর্বস, বিজনেস টুডে, উইকিপিডিয়া