শীর্ষ ১০ আই জিনিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা মানেই তো স্নায়ুচাপ। আর তা যদি হয় দেশ সেরা ১২১ জনের মধ্যে, তবে তো কথাই নেই! যাকে বলে একেবারে সেয়ানে সেয়ানে লড়াই! আগের দিনের জটিল সব পরীক্ষা শেষে সবার মাথায় ভর করে একটিই চিন্তা, ‘থাকছি তো সেরা দশে! কাল গ্র্যান্ড ফিনালে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে ভাসবে তো নিজের নাম আর ছবি!’ সেরা দশে জায়গা করে নেওয়ার পর সাদিয়া ইসলাম যেমনটি বলল, ‘পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। সেরা দশে থাকব এমন ভরসা পাচ্ছিলাম না। কিন্তু যখন জায়ান্ট স্ক্রিনে নিজের নাম আর ছবি দেখলাম, তখন সত্যি আনন্দে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম।’‘প্রায় আত্মহারাদের’ দলে আরও ছিল সাহানা আকতার, সাদিয়া আজিজ, রিয়াজুল হাসান, অর্ণব কর্মকার, সিলভা সুবাহ রাইসা, শাদমান সাকিব, সৈয়দ তানভীর আজম, রাজীব হোসেন ও ইনতিসার আওয়াল।সেরা দশে আসতে পারার আনন্দ যে কারও কারও আত্মবিশ্বাসের আগুনে ঘি ঢেলেছে তার বোঝা গেল কেরানীগঞ্জের সাহানা আকতারের কথায়, ‘আমি যে স্কুলে পড়েছি সেখানে নিয়মিত আই-ক্লাস নিতে চাই। এ ব্যাপারে হেড স্যারের সঙ্গে আমার কথাও হয়েছে।’ওদিকে ঠাকুরগাঁওয়ের তানভীর আজমের আত্মবিশ্বাস কোথায় পৌঁছেছে দেখুন, ‘আই-জিনিয়াস হওয়ার পর থেকে আমার কেবলই মনে হচ্ছে, এখন থেকে যেকোনো প্রতিযোগিতায় সেরাটাই আমার চাই।’তবে কিশোরগঞ্জের আই-জিনিয়াস সাদিয়া আজিজের উচ্ছ্বাসটা ছিল আরও বেশি, ‘আমার মনে হচ্ছিল, যেন আমি সবকিছু পেয়ে গেছি। আমার জীবনে আর কিছু লাগবে না। স্বপ্নের মতো মনে হয়েছে। সত্যিই সবকিছু স্বপ্নের মতো লাগছিল।’ ঈশ্বরদীর অর্ণব কর্মকারও ভাবতে পারেনি সেরা দশে থাকবে। তার মতে, ‘সবাই তো ভালো। এদের মধ্য থেকে সেরা দশে আমার জায়গা হবে ভাবিনি।’আর শেরপুরের সাদমান সাকিব যে চাপা উত্তেজনায় গ্র্যান্ড ফিনালের আগের রাত পার করেছে তা তার কথা থেকেই বোঝা যায়, ‘জাতীয় প্রতিযোগিতা নিয়ে চিন্তায় সারা রাত ঘুমুতে পারিনি।’ অভিজ্ঞতার যে অদৃশ্য মূল্য রয়েছে তা কিন্তু মাদারীপুরের রাজিব হোসাইন খুব করে মানে, ‘আমি প্রথমবারও আই-জিনিয়াস নির্বাচিত হয়েছিলাম। এবার সেই অভিজ্ঞতা কিছুটা কাজে দিয়েছে সেরা দশে আসতে।’সেরা দশে ঠাঁই পাওয়ার পর গোয়ালন্দের ইনতিসার আউয়ালের দৃষ্টিভঙ্গিও গেছে পাল্টে। তার ভাষায়, ‘ইন্টারনেট এক জ্ঞানের সমুদ্র। আমি এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।’ আর পঞ্চগড়ের রিয়াজুল হাসান তো সোজাসাপ্টা বলেই দিল, ‘ভবিষ্যতে যাই করি না কেন, ইন্টারনেটকে ছাড়ছি না!’