শীর্ষ ৯-এর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসহায়ক কার্যক্রম হিসেবে বাংলাদেশে স্কাউটিং শুরু হয় ১৯৭২ সালে। এ পর্যন্ত বাংলাদেশে ১১ লাখ ৫০ হাজারেরও বেশি স্কাউট তৈরি হয়েছে। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম পরিচালনা করার সুযোগ আছে। মুক্ত দলের মাধ্যমে প্রতিষ্ঠানের বাইরেও স্কাউটিং করা যায়। বাংলাদেশে ১২টি অঞ্চলে কাব, স্কাউট ও রোভার স্কাউট—এ তিনটি পর্যায়ে স্কাউটিং পরিচালিত হয়। কাব পর্যায়ে বয়সসীমা ৬ থেকে ১১ বছর, স্কাউটদের বয়সসীমা ১২ থেকে ১৬ এবং রোভার স্কাউটদের বয়সসীমা ১৭ থেকে ২৫ বছর। তবে রেলওয়ে অঞ্চলের রোভারদের ৩০ বছর বয়স পর্যন্ত স্কাউটিং করার সুযোগ রয়েছে। তাঁরা নয়জন। সবাই রোভার স্কাউট। তাঁদের স্বপ্ন অনেক। সেবার ব্রত নিয়ে দীর্ঘদিন ওঁরা এগিয়ে চলছেন পথ। পথ চলতে চলতে এর স্বীকৃতিও মিলেছে। এ বছর সবাই পেয়েছেন পিআরএস বা প্রেসিডেন্টস রোভার স্কাউট পদক। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান এটি। ১৫ জুলাই ঢাকার ওসমানী মিলনায়তনে কৃতী এই নয় স্কাউটকে পিআরএস পদকে ভূষিত করা হয়। রাষ্ট্রপতির পক্ষে পদক প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। সারা দেশের মধ্যে মোট নয়জন রোভার স্কাউট এবার এই সম্মানে ভূষিত হয়েছেন। তাঁরা হলেন দিদারুল হক, শাহ শরমিন ইসলাম, মাসুমা আখতার, সাইফুল ইসলাম, শাহ মনি, মনির আহমেদ ভূঁইয়া, পার্থ সারথি সাহা, খায়রুজ্জামান খন্দকার, কেশব চন্দ্র সূত্রধর।পিআরএস সম্মানে ভূষিত নয় স্কাউটের পদভারে প্রথম আলোর কার্যালয় মুখর হয়েছিল সেদিন। তাঁরা এসেছিলেন নিজেদের অনুভূতি ভাগ করে নিতে।নানা গল্প কথায় সবাই মেলে ধরলেন অভিজ্ঞতার খেরোখাতা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্য মাসুমা আখতার বললেন, ‘স্কাউটিং নিজের প্রতি, তারপর স্রষ্টা ও মানুষের প্রতি কর্তব্য করতে শেখায়। তাই একজন স্কাউট সব দিকই সামলে নিতে শেখে।’‘স্কাউটিং আমাকে শিখিয়েছে সময়ানুবর্তিতা।’ পিআরএস পার্থ সারথি সাহার কথা এটি। তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কাজ করতে করতেই বুঝেছি, শুধু প্রাপ্তি নয়, অন্যের মাঝে আলো জ্বালাতে পারাই সার্থকতা।’এ বছর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দুজন সদস্য এবার পিআরএস পেয়েছেন। তাঁদের একজন ফখরুজ্জামান খন্দকার জানালেন, যেদিন পুরস্কার দেওয়া হলো এরপর দিন ছিল তাঁর মাস্টার্স পরীক্ষা। স্বভাবতই প্রশ্ন জাগে, পরীক্ষার জন্য কোনো দুশ্চিন্তা হয়নি? ‘একদম না। কারণ স্কাউটিং শেখায় কৌশল। চোখ বুঝে পড়া নয়, কৌশলী প্রস্তুতিই আসে সাফল্য।’ ফখরুজ্জামান খন্দকারের ঝটপট জবাব।অন্যদিকে আরেক পিআরএস দিদারুল হকের পড়ালেখার ফল খুব ভালো। প্রাণিবিজ্ঞান থেকে প্রথম শ্রেণী নিয়ে মাস্টার্স শেষ করেছেন তিনি। বললেন, ‘স্কাউটিং এর মাধ্যমে পাওয়া দক্ষতা থেকে এখন কর্মক্ষেত্রে সফল হওয়ার প্রস্তুতি নিচ্ছি।’মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ রোভার গ্রুপের সাইফুল ইসলাম তাঁর প্রাপ্তি উৎসর্গ করলেন মা-বাবাকে। বললেন, ‘বাবা-মায়ের উৎসাহেই আমার এত দূর আসা। আজ পরিবারের কথা খুব মনে পড়ছে।’আবার ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থী শাহ মনি যে গল্প তুলে ধরলেন তা বড়ই চমকপ্রদ। প্রথম দিকে তাঁর বড় ভাই স্কাউটিং করতেই দিতে চাননি। ‘অ্যাওয়ার্ড পাওয়ার পর ভাইয়ার আনন্দ যেন আর ধরছে না।’ শাহ মনির মুখে এবার উচ্ছলতা।একই রকম উচ্ছলতার আভাস পাওয়া গেল বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ রোভার গ্রুপের কেশব চন্দ্র সূত্রধরের অভিব্যক্তিতেও। কলেজের প্রথম পিআরএস তিনিই। বললেন, ‘কী যে ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারব না।’ইডেন মহিলা কলেজের পিআরএস শাহ শরমিন ইসলামও যেন একইভাবে ভাষাহীন। তবে বোঝা যাচ্ছে, আনন্দ উছলে উঠছে তাঁর চোখেমুখে। প্রশ্ন ছুড়তেই বললেন, ‘সব অনুভূতি কি কথায় বোঝানো সম্ভব?’‘লেখাপড়ার বাইরের সময়টা শুধুই স্কাউটিং করেছি। বন্ধুদের আড্ডা, নেট ব্রাউজিং সবই সযত্নে এড়িয়ে গেছি শুধুই স্কাউটিংয়ের জন্য। পিআরএস পেয়ে সব কষ্ট ভুলে গেছি।’ ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রথম পিআরএস শরমিন ইসলাম যখন কথাগুলো বললেন, তখন মনে হলো এটিই তাঁদের সবার মোদ্দা কথা। এতক্ষণ প্রেসিডেন্টস রোভার স্কাউট (পিআরএস) পদকপ্রাপ্তদের নানা কথামালায় যেন এই কথাটিই ঘুরেফিরে এসেছে বারবার।