শীর্ষবিন্দু
প্রথম শ্রেণীতে প্রথম হলেই কেবল তাঁদের বিবেচনা করা হয় ডিনস অ্যাওয়ার্ডের জন্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পাওয়া সাত শিক্ষার্থীকে নিয়েই এই আয়োজন‘বহু দিনের সাধনা আর অধ্যবসায়ের মাধ্যমেই সম্ভব ভালো ফল করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সব সাধকের গৌরবোজ্জ্বল স্বীকৃতিই হচ্ছে আমাদের ডিনস অ্যাওয়ার্ড।’ ডিনস অ্যাওয়ার্ড সম্পর্কে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ।২০০৭ ও ২০০৮ সালে বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ বছর ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে। তাঁরা হলেন: ফাহিম হাসান ও দ্বীন ইসলাম (অর্থনীতি), মনজুরুল ইসলাম ও রাশেদ আলম ভুইয়া (রাষ্ট্র্রবিজ্ঞান), তৌহিদ হোসেন খান (সমাজবিজ্ঞান), মাহবুবুল হক ওসমানী (গণযোগাযোগ ও সাংবাদিকতা), উম্মে শেফা রিজবানা ও শাহরিয়ার ইসলাম (লোকপ্রশাসন), তারেক হাসান ও তৌহিদ ইমাম (নৃবিজ্ঞান), ফাহিমা দূররাত (শান্তি ও সংঘর্ষ), সাবরিনা আহমেদ ও সাবিহা ইয়াসমিন (উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ), মলয় কুমার দাশ (পপুলেশন সায়েন্স), মোহাম্মদ ফরহাদ ও মোহাম্মদ আলী (উন্নয়ন অধ্যয়ন)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন মেধাবীর মধ্যে আমরা কথা বলতে পেরেছি সাতজনের সঙ্গে। শোনা যাক তাঁদের ভালো ফলের পেছনের গল্প।সমাজবিজ্ঞানের তৌহিদ বন্ধুমহলে ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’ হিসেবে পরিচিত। তৌহিদ খোলাসা করেন এই নামের রহস্য, ‘প্রথম বর্ষে থাকাকালে হলে স্থান সীমাবদ্ধতার কারণে একটা ব্যাগে সব পড়ার বই নিয়ে বের হয়ে পড়তাম। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কখনো গণগ্রন্থাগারের সিঁড়িতে বসে বই খুলে পড়া শুরু করে দিতাম। এ জন্যই এ খেতাব দিয়েছিল বন্ধুরা।’ভালো ফল করতে হলে দৈনিক কত ঘণ্টা পড়া জরুরি—এ প্রশ্নের উত্তর মিলল একেকজনের কাছে একেক রকম। রাষ্ট্র্রবিজ্ঞানের মনজুরুল জানান, ‘আমার পড়ার সময়ের হিসাব করলে তা প্রায় ১২-১৩ ঘণ্টা হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খোলার সময় সকাল আটটায় ঢুকতাম; একেবারে বন্ধ হওয়ার আগ পর্যন্ত—রাত নয়টা অবধি থাকতাম লাইব্রেরিতে।’চাকরিতে দীর্ঘ সময় দিতে হতো বলেই সাংবাদিকতা বিভাগের ওসমানী অল্প সময়কে সঠিকভাবে ব্যবহার করতেন।উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ সাবিহা, শান্তি ও সংঘর্ষ বিভাগের ফাহিমা কখনোই ঘণ্টা ধরে পড়েননি। তবে নিয়মিত পড়তেন। কখনো পড়া জমিয়ে রাখতেন না। দিনের পড়া দিনেই শেষ করতেন।লোকপ্রশাসনের শেফা ও শাহরিয়ার ইসলাম মনে করেন, বিষয়-সম্পর্কিত মৌলিক ধারণাগুলো স্পষ্ট থাকলে কখনোই চাপ তৈরি হয় না। ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়ার কোনো বিকল্প নেই।ভালো ফল করতে শুধু পড়লেই হবে, নাকি থাকতে হবে আরও কিছু দক্ষতা? চলুন শোনা যাক কী বলেন তাঁরা। ‘তোতা পাখির মতো শুধু মুখস্থ নয়, পড়তে হবে জানার জন্য।’ বললেন সাবিহা। মনজুরুল বলেন, ‘নিয়মিত লাইব্রেরি ব্যবহার করতে হবে। শুধু নিজের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিই নয়, জাতীয় গণগ্রন্থাগার, এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমীসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এগুলোও কাজে লাগানো যেতে পারে।’ওসমানী বলেন, ‘ভালো ফল করতে হলে পড়ার পাশাপাশি জানতে হবে দেশের ভেতরের, বাইরের সব খবর। অর্থাৎ নিজের সাধারণ জ্ঞানকে করতে হবে সমৃদ্ধ।’ফাহিমা মনে করেন, যে যে বিষয়ে পড়ে, তাকে সে বিষয়ের সাম্প্রতিক প্রকাশিত বই, জার্নাল, পত্রপত্রিকার খোঁজ রাখতে হবে। সাম্প্রতিক তথ্য-উপাত্ত পরীক্ষার খাতায় উপস্থাপন করলে ভালো নম্বর পাওয়া সম্ভব।শাহরিয়ার বলেন, ‘শুধু নিজের বিষয়ে আটকে না থেকে বিষয়-সম্পর্কিত অন্য বিষয়ে জ্ঞান রাখতে হবে সবাইকে।’শেফা বলেন, ‘সব বিষয়ে সবার ভালো ধারণা না-ও থাকতে পারে, সে ক্ষেত্রে বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করা যেতে পারে।’সাবিহা এর সঙ্গে যোগ করলেন খাতায় উত্তর উপস্থাপনের দিকটি। উত্তর উপস্থাপনে সুন্দর একটি কাঠামো মেনে চলা ভালো। হাতের লেখা যেমনই হোক, তা যেন পরিষ্কার ও স্পষ্ট হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর উত্তর করতে হবে প্রশ্নের ধরন বুঝে।ফাহিমা বললেন, ‘শুধু লিখিত পরীক্ষায় সুন্দর লেখা নয়, এর পাশাপাশি শ্রেণী উপস্থাপনা, মৌখিক পরীক্ষার জন্য ভালো বাচনভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নিয়মিত পড়াশোনা করলেই কেবল ভালো ফলের প্রত্যাশা করা উচিত।’