অদ্ভুত পোশাক-পরিচ্ছদ, অভিনব উপস্থাপনা আর গানের সঙ্গে উদ্দাম নৃত্যের জন্য বিশ্বজুড়ে বেশ আলোচিত ও সমালোচিত পপশিল্পী লেডি গাগা। আবার বিচিত্র ফ্যাশনের জন্যও তিনি বেশ আলোচিত। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি।এই লেডি গাগা সম্প্রতি বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন। তালিকাটা ২০১৩ সালেরই।১৯৮৬ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম লেডি গাগার। পুরো নাম স্টেফেনি জোয়ান অ্যাঞ্জেলিনা জেরমেনোটে। বাবা জোসেফ জেরমেনোটে ইন্টারনেট ব্যবসায়ী। ছোটবেলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে থিয়েটারের প্রতি আগ্রহী হয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্কুলে ভর্তি হন। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সংগীতজগতে যাত্রা শুরু হয় লেডি গাগার। এ পর্যন্ত প্রকাশিত তিনটি অ্যালবামই লেডি গাগাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম দ্য ফেম বাজারে আসে। পরের বছরই আসে তাঁর দ্বিতীয় অ্যালবাম দ্য ফেম মনস্টার। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম বর্ন দিস ওয়ে। অ্যালবাম বিক্রির নতুন নতুন রেকর্ড যেমন করেছেন লেডি গাগা, তেমনি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারেও জনপ্রিয়তার দিক থেকে রয়েছেন হলিউড তারকাদের মধ্যে শীর্ষে। গানের পাশাপাশি তিনি একাধিক ছবিতেও অভিনয় করেছেন। মঞ্চে গান পরিবেশনার ক্ষেত্রে তিনি বেশ আলোচিত। আরও দারুণ গান ও পরিবেশনা দর্শকদের দিয়ে যেতে চান আলোচিত-সমালোচিত লেডি গাগা। নুরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: লেডিগাগা ডট কম, উইকিপিডিয়া, ফোর্বস