চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও জেলার শীর্ষস্থান ধরে রেখেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গত বছরও বিদ্যালয়টি জেএসসিতে জিপিএ-৫ এবং বৃত্তি প্রাপ্তিতে শীর্ষস্থানে ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, এবারের জেএসসি পরীক্ষায় ১২ জন মেধাবৃত্তি ও ২৫ জন সাধারণ বৃত্তি পেয়ে জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বিদ্যালয়টি। কক্সবাজার সদর উপজেলার ছাত্রীদের ট্যালেন্টপুল এবং সাধারণ বৃত্তির সব কটিই লাভ করেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে মেধাবৃত্তি পেয়েছে ১২ জন ও সাধারণ বৃত্তি ২৩ জন। চকরিয়া কোরক বিদ্যাপীঠ মোট ২৬ জন বৃত্তি লাভ করে তৃতীয় স্থানে রয়েছে। এ ছাড়া কক্সবাজার মডেল হাইস্কুল ও ঈদগা আদর্শ শিক্ষা নিকেতন একটি করে সাধারণ বৃত্তি লাভ করে। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন জানান, আগামী দিনে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার চেষ্টা চলছে।