এইচএসসির ফলাফলে খাগড়াছড়িতে পাসের হার আংশিক বাড়লেও কমেছে জিপিএ-৫। জেলার ১১টি কলেজের ৬ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৩৩৩ জন। পাসের হার ৫১ দশমিক ৭০ শতাংশ, যা গতবার ছিল ৫০ দশমিক ১৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯ জন, যা গতবার ছিল ১১ জন। এদিকে ফলাফলে জেলায় শীর্ষে অবস্থানে রয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
এবারের ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছেন মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন শিক্ষার্থীর মধ্যে ছয়জনই ছাত্রী। এ ছাড়া জেলায় ৩ হাজার ৩৭১ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ১ হাজার ৭৩৬ জন। পাসের হার ৫১ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ৩ হাজার ৭৬ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৯৭ জন, পাসের হার ৫১ দশমিক ৯২ শতাংশ।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১৬২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন শিক্ষার্থী। পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ। খাগড়াছড়ি সরকারি কলেজের ৮৫১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, পাসের হার ৪২ দশমিক ৫৪ শতাংশ।