শীর্ষে রাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব ড় বোনকে পড়াচ্ছেন মা। গুটি গুটি পায়ে হেঁটে বোনের কাছে গিয়ে গভীর মনোযোগে তা দেখছে ছোট্ট রাহী। লেখাপড়া শেখার খুব যে শখ ওর। কিন্তু হলে কী হবে, তার তো স্কুলে যাওয়ারই বয়স হয়নি। পড়াশোনার এত শখ দেখে এগিয়ে এলেন মা, বর্ণপরিচয়ের বই খুলতেই মেয়ে বলল, ‘আমি পারি! আমি পারি!’ মুগ্ধ বাবা-মা আর বোনের সামনে ছোট্ট মেয়েটি খাতায় অবলীলায় লিখে চলল বাংলা, ইংলিশের সব বর্ণ, সংখ্যা। বোনের দেখাদেখি কখন যে মেয়েটিও শিখে ফেলেছে এসব! বাবা-মা তখনই বুঝেছিলেন, বেশ মেধাবী হবে মেয়েটি।সত্যিই তা-ই হলো। রাহী বড় হয়ে হলো আজকের মেধাবী নাজরাতান নায়ীম। ভিকারুননিসা নূন স্কুল এবং কলেজে অধ্যয়নকালে মেয়েটি বেশির ভাগ সময়ে ক্লাসে হতো প্রথম। বিজ্ঞান মেলার প্রজেক্টে পেত স্বর্ণপদক। শুধু তা-ই নয়, লংজাম্প খেলায়ও সবাইকে টপকে পুরস্কার ছিনিয়ে আনত। আজ এই মেয়েটিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে সম্মান ২০০৬-০৭ সেশনে সিজিপিএ ৩.৯৬ অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। সেই সঙ্গে জীববিজ্ঞান অনুষদের সবাইকে পেছনে ফেলে সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড অর্জনের দৌড়েও হয়েছেন প্রথম!সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা নাজরাতান নায়ীমের বাবা চিকিৎসক আর মা গৃহিণী। ছোটবেলায় নাজরাতান যেমন লিখতে-পড়তে শেখানো লাগেনি, তেমনি শেখানো লাগেনি গান গাওয়া, হারমোনিয়াম এবং কি-বোর্ড বাজানোও। তা, এত মেধাবীর দৌড়ে কীভাবে এল এই ভালো ফল?‘বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে এক শিক্ষক বলেছিলেন ডিনস অ্যাওয়ার্ডের কথা, তখনই মনে হয়েছিল, আমিও কি এ পুরস্কার পাব কখনো? বিভাগে তো বটেই, অনুষদে প্রথম হওয়াটা আসলেই কঠিন, কখনো ভাবিনি এটা অর্জন করতেই হবে, কিন্তু ব্যাপারটা মাথায় ঢুকে গেল।’ তারপর? কী মূলমন্ত্রবলে নাজরাতানের এ স্বপ্ন সত্যি হলো? ‘সততা এবং ভালো ফল করার পরিপূর্ণ ইচ্ছাশক্তি,’ সরল স্বীকারোক্তি তাঁর। ‘পাশাপাশি বিভাগের শিক্ষকদের কাছ থেকেও পেয়েছি অকুণ্ঠ ভালোবাসা, প্রশংসা আর সামনে এগিয়ে যাওয়ার পথনির্দেশনা।’সর্বদা স্মিত হাসির অধিকারী মানুষটি বন্ধুমহলেও কম জনপ্রিয় নন। শুধু ক্লাসে প্রথম নন, বহু গুণে গুণান্বিত নাজরাতান পারেন ভালো ছবি আঁকতে। ছবি তুলতেও ভালোবাসেন। গল্পের বইয়ের প্রতিও তাঁর ঝোঁক রয়েছে। গান শোনেন খুব। ভালোবাসেন ঘুরে বেড়াতে। শাড়ি পড়তে পছন্দ করেন।‘স্বপ্ন দেখতাম পাইলট হব। কিন্তু মা এয়ারফোর্সে ভর্তি পরীক্ষা পর্যন্ত দিতে দিলেন না! এভাবেই স্বপ্নের অপমৃত্যু ঘটল। তারপর ভাবলাম বাবার মতো চিকিৎসক হব। আবার মাঝেমধ্যে তারকা হওয়ারও খায়েশ হতো’, মৃদু হেসে বলছিলেন তিনি। তারকা তিনি ঠিকই হয়েছেন। বিভাগের জুনিয়রদের কাছে রীতিমতো তারকা বনে গেছেন রাহী তাঁর বহুমুখী প্রতিভার জন্য। সম্মান এবং স্নাতকোত্তর শেষ করে রাহী ইতিমধ্যেই শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ‘আমার নানা ছিলেন জগন্নাথের অধ্যাপক। শিক্ষক হওয়ার বীজ তিনিই বুনে দিয়েছিলেন। আমার যা কিছু অর্জন তার পেছনে রয়েছে তাঁর আশীর্বাদ’, নানার কাছ থেকে অনুপ্রাণিত রাহী স্বপ্ন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। দেশের মানুষের কল্যাণে আসবে এমন কিছু আবিষ্কার করার।