পটিয়া সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। ফলাফলে দেখা যায়, শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। উপজেলার মেধা তালিকায় এ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১০ জন। পাসের হার ৯৯ শতাংশ।মোহছেনা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২৪৮ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।এ রকম ভালো ফলাফলে বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা দারুণ খুশি।প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবার পটিয়া উপজেলার ৩০৮টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১০ হাজার ২০৯ জন শিক্ষার্থীর মধ্যে নয় হাজার ৯১৩ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে পাস করেছে নয় হাজার ৪৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২২৯ জন। পাসের হার শতকরা ৯৫ দশমিক ২০ ভাগ শতাংশ। শশাংকামালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আকতার প্রথম আলোকে বলেন, ‘আমাদের শিক্ষকদের আন্তরিকতা, উন্নত পাঠদান পদ্ধতি, অভিভাবকদের সচেতনতা, পরিচালনা কমিটির তদারকি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক নির্দেশনার প্রতিফলন ঘটেছে এ ফলাফলে।’একই রকম মন্তব্য করেন, মোহছেনা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লা বলেন, ‘অতীতের তুলনায় এবার আমরা অনেক ভালো করেছি। তবে ভবিষ্যতে আমাদের লক্ষ্য থাকবে জেলার মধ্যে সেরা হওয়া।’