শুঁটকি গ্রামে মহাব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের দিনের কড়া রোদে কক্সবাজার সমুদ্র উপকূলে শুঁটকি তৈরির ধুম পড়েছে। আগামী জুন মাস পর্যন্ত টানা এই উৎপাদন চলবে। এ বছর দেশের চাহিদা মিটিয়ে প্রায় ২০০ কোটি টাকার শুঁটকি রপ্তানি সম্ভব বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। শহর থেকে সমুদ্র পথে পাঁচ কিলোমিটার গেলেই মহেশখালীর ছোট্ট দ্বীপ সোনাদিয়া। সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকা চলছে শুঁটকি তৈরির কাজ। এখানে ৮০ শতাংশ মানুষ সাগর থেকে আহরিত মাছ রোদে শুকিয়ে শুঁটকি করে সারা দেশে সরবরাহ করেন। স্থানীয় ভাষায় এই দ্বীপকে বলা হয় শুঁটকি গ্রাম। সোনাদিয়ার জেলেরা ট্রলার নিয়ে বিকেলে সাগরে মাছ ধরতে যান। রাত পেরিয়ে পরের দিন সকালে মাছ নিয়ে ফেরেন। এরপর শুরু হয় শুঁটকি তৈরির কাজ। সোনাদিয়ায় ৩০টির বেশি মহালে রাত-দিন কয়েক হাজার শ্রমিক এ কাজে ব্যস্ত থাকেন।স্থানীয় জেলে সাহাব উদ্দিন (৪৫) জানান, দেশের ৫০ শতাংশ শুঁটকি এই গ্রামে উৎপাদিত হয়। এখানকার শুঁটকি তরতাজা মাছ কেটে করা হয় এবং এতে কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক কিংবা পাউডার মেশানো হয় না বলে এর কদরও বেশি। সারা দেশের মানুষ কক্সবাজারের বিভিন্ন হাটবাজার থেকে সোনাদিয়ার শুঁটকি কিনে নেন। দেখা গেছে, জেলার সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, মহেশখালী, ধলঘাটা, কুতুবদিয়া, খুরুশকুল, কলাতলী, গোরকঘাটা, চৌফলদণ্ডিসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ, সমুদ্র চরে বাঁশের মাচা তৈরি করে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি করছেন। ঘরের চালে বা উঠানে মাচা বানিয়েও অনেকে শুঁটকি করছেন। কক্সবাজার বোটমালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, বর্তমানে জেলার প্রায় সাত হাজার ট্রলার সাগরে গিয়ে ইলিশ, কোরাল, লাক্ষ্যা, চাপা, কামিলা, হাঙ্গর, রূপচান্দা, পোপা, রাঙাচকি, মাইট্যা, কালো চান্দাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ শুঁটকি করা হচ্ছে। জেলার অন্তত সাড়ে তিন লাখ মানুষ শুঁটকি উৎপাদন ও বিপণনে জড়িত। শহরের বাঁকখালী নদীর তীরে নুনিয়াছটা, ৬ নম্বর ও মগচিতা পাড়ায় শতাধিক বাসাবড়ির ছাদে ও উঠানে মাচা বানিয়ে শুঁটকি তৈরির ধুম পড়েছে। নুনিয়াছটার শুঁটকি ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫৮) বলেন, প্রতি সপ্তায় এখান থেকে গড়ে ১০০ মন শুঁটকি চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ করা হচ্ছে। টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ ও পশ্চিমপাড়া, কুতুবদিয়ার লেমশিখালীসহ বিভিন্ন এলাকার কয়েক কিলোমিটার বেড়িবাঁধের ওপর শত শত জেলে শুঁটকি উৎপাদন করছেন। এর মধ্যে লাক্কা, চাপা, কোরাল, ছুরি, রূপচান্দা, লইট্যা, চিংড়ি, মাইট্যা, ফাইস্যা, ছুরি, লইট্যা, পোপা, ছিটকিরি, সুন্দরী, বাটা, চিংড়ি, টেংড়া,অলোয়া ইত্যাদি।বর্তমানে কক্সবাজারে প্রতি কেজি রূপচান্দা ৮০০-২০০০ টাকা, মাইট্যা ৮০০-১১০০, কোরাল ১০০০-১৪০০, পোপা ৪০০-৮০০, চিংড়ি ১০০০-১৫০০, লইট্যা ৪৫০-৭০০, ছুরি ৫৫০-৮০০, অন্যান্য মাছ ২০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের নুনিয়াছটা এলাকার ১৭টিসহ জেলার ২৯টি ফ্যাক্টরি পোপা শুঁটকি রপ্তানি করে গত বছর প্রায় ১৪৫ কোটি টাকা আয় করেছিল। যা ২০০৫ সালে ১২৮ কোটি ও ২০০৩ সালে ১২১ কোটি টাকা। সরকারি উদ্যোগে উপকুলীয় এলাকায় প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, উন্নত যোগাযোগব্যবস্থা তৈরি, বাজার ব্যবস্থার উন্নয়ন, জেলেদের সহজ শর্তে ঋণ প্রদান, সাগরে জলদস্যুদের উপদ্রব বন্ধ করা গেলে এখান থেকে বছরে ২০০ কোটি টাকারও বেশি আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এসব ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ শুঁটকি হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হয়। বেশির ভাগ পোপা রপ্তানি হয় হংকং। ওখানকার অধিবাসীরা এই পোপা শুঁটকি দিয়ে সুস্বাদু স্যুপ তৈরি করে খান। বাংলাদেশ সল্টেড অ্যান্ড অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল শুক্কুর বলেন, সরকার ফ্রোজেন ফুডসহ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে শতকরা ১০ ভাগ ইনসেনটিভ দিয়ে থাকে। কিন্তু পোপাসহ অন্যান্য শুঁটকি মাছ রপ্তানির ক্ষেত্রে ফ্যাক্টরিগুলো এই সুবিধা পাচ্ছে না। এই সুবিধা পেলে বৈদেশিক উপার্জন আরও বেড়ে যেত।