শুঁটকি দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার রায়পুর ইউনিয়নের সৈকতে শুঁটকি বাছাইয়ে ব্যস্ত শ্রমিকেরা l প্রথম আলো
আনোয়ারার রায়পুর ইউনিয়নের সৈকতে শুঁটকি বাছাইয়ে ব্যস্ত শ্রমিকেরা l প্রথম আলো

ভাঙা বেড়িবাঁধের কারণে মাত্র কদিন আগেই সাগরের লোনা জলে ভেসেছে শুঁটকিপল্লি নামে পরিচিত আনোয়ারার পশ্চিম গহিরা গ্রামটি। তবে পানি নেমে যাওয়ার পর ঘরদোর ঠিক করে এখানকার বাসিন্দারা এখন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন শুঁটকি তৈরির কাজে। মাছ শুকিয়ে শুঁটকি তৈরি হয় বেশি এই মৌসুমে। এ জন্য এখানকার বাসিন্দাদের দম ফেলারও ফুরসত নেই।
৪ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট থেকে বারআউলিয়া পর্যন্ত আধ কিলোমিটার এলাকাজুড়ে চলছে শুঁটকি শুকানোর কাজ। পশ্চিম গহিরা গ্রামের পাশে সৈকতে শুঁটকি তৈরি করছিলেন শ্রমিকেরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করেন বলে জানান এখানকার শ্রমিক আবু বক্কর (৩৮)। তিনি বলেন, বর্ষা শেষ হওয়ার পর পল্লিজুড়ে চলছে মাছ শুকানোর মহোৎসব। আবু বক্করের মতো এই গ্রামের অধিকাংশ মানুষের পেশা শুঁটকি তৈরি। এবার শুঁটকি বিক্রি থেকে ভালো লাভ পাওয়া গেলে ঘুরে দাঁড়ানো যাবে—এমন স্বপ্নও দেখছেন তাঁরা।
জেলেরা জানান, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আনোয়ারায় শুঁটকি তৈরির কাজ চলবে। আর এ কাজে নিয়োজিত আছেন এক হাজারের মতো শ্রমিক। সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে মাঝারি আকারের নৌকায় করে উপকূলে নিয়ে আসেন। সেখান থেকে বিভিন্ন দামে কিনে নিয়ে শুকিয়ে বিক্রি করেন শুঁটকিপল্লির লোকজন। সামুদ্রিক মাছের মধ্যে চিংড়ি, লটিয়াসহ বিভিন্ন জাতের মাছ একসঙ্গে কিনতে হয়। এমন এক ঝুড়ি মাছ বিক্রি হয় ৬০০-৭০০ টাকায়। শুকানোর পর দুই-আড়াই কেজি শুঁটকি বিক্রি করে দুই থেকে চার শ টাকা লাভ থাকে।
কক্সবাজার থেকে আসা শুঁটকি ব্যবসায়ী বদরুল আলম (৪১) বলেন, ‘আমরা প্রতিবছর এখানে কাঁচা মাছ কিনে শুকিয়ে ব্যবসা করি। লাভজনক বলে অনেকেই এই ব্যবসায় ঝঁুকছেন।’
স্থানীয় বাসিন্দা মো. মোকতার বলেন, এখানে গ্রামের লোকজন ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসে ব্যবসা করেন। অনেকে শ্রমিক হিসেবেও কাজ করেন। কয়েকজন জেলে অভিযোগ করেন, সৈকতে মাছ শুকানোর জায়গার জন্য কেউ কেউ চাঁদা দাবি করে। আর না দিলে ঝামেলা করে।
আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আনোয়ারার রায়পুরের শুঁটকিপল্লিতে বিভিন্নভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই জেলে ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।