শুঁটকি বেচে আড়াই শ কোটি টাকা
কক্সবাজার সমুদ্র উপকূলে শুঁটকি তৈরির ধুম পড়েছে। আগামী মে পর্যন্ত টানা ছয় মাস চলবে শুঁটকির উৎপাদন। এ বছর শুঁটকি বিক্রি করে প্রায় ২৫০ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত রোববার সকালে শহরের নাজিরারটেক, ফদনারডেইল, নুনিয়াছটা, সমিতিপাড়াসহ উপকূলীয় কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, হাজার হাজার মানুষ শুঁটকি উৎপাদনে ব্যস্ত। গভীর সাগর থেকে অসংখ্য ট্রলার মাছ ধরে নাজিরারটেক ও ফদনারডেইল ঘাটে ভিড়ছে। এসব ট্রলারে আসা বিভিন্ন কাঁচা মাছ রোদে শুকিয়ে শুঁটকি করা হচ্ছে। বাঁকখালী নদীর তীরের বিভিন্ন গ্রামের কয়েক হাজার বসতঘরের ছাদে ও উঠানে মাচা বানিয়ে তৈরি হচ্ছে শুঁটকি। নুনিয়াছটার শুঁটকি ব্যবসায়ী সালামত উল্লাহ (৫৭) জানান, প্রতি সপ্তাহে তিনি নাজিরারটেক, ফদনারডেইল গ্রাম থেকে গড়ে ১৪০ মন শুঁটকি কিনে চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ দিচ্ছেন। সেখান থেকে ওই শুঁটকি তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ সারা দেশে যাচ্ছে। শহর থেকে সমুদ্রপথে ১০ কিলোমিটার দূরত্বে মহেশখালীর ছোট্ট দ্বীপ সোনাদিয়া। এখানে ৮০ শতাংশ মানুষ সাগর থেকে আহরিত মাছ রোদে শুকিয়ে শুঁটকি করে সারা দেশে সরবরাহ করেন। সোনাদিয়ায় ৩০টির বেশি মহালে এখন শুঁটকি তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী আবুল মনছুর বলেন, দেশের ২০ শতাংশ শুঁটকি এখান থেকে উৎপাদিত হয়। এখানকার শুঁটকি তরতাজা মাছ কেটে করা হয় এবং এতে কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক কিংবা পাউডার মেশানো হয় না। এদিকে জেলার টেকনাফ, সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ও সৈকতে বাঁশের মাচা তৈরি করে লাক্ষা, চাপিলা, কোরাল, ছুরি, রূপচাঁদা, চিংড়ি, মাইট্যা, ফাইস্যা, লইট্যা, পোপা, সুন্দরী, বাটা, ট্যাংরা, অলুয়া প্রভৃতি মাছ শুঁটকি করছেন। বর্তমানে প্রতিকেজি রূপচাঁদা ৮০০ থেকে দুই হাজার টাকা, মাইট্যা ৬০০ থেকে এক হাজার ১০০ টাকা, কোরাল ৮০০ থেকে এক হাজার ৪০০ টাকা, পোপা ৪০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা, লইট্যা ৩২০ থেকে ৬০০ টাকা, ছুরি ৩৮০ থেকে ৭০০ টাকা, অন্যান্য মাছ ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। শুঁটকি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শহরের নুনিয়াছটা এলাকার ১৭টিসহ জেলার ৩৭টি কারখানা পোপা শুঁটকি রপ্তানি করে গত বছর প্রায় ১৮৬ কোটি টাকা আয় করে। পরিবেশ অনুকূলে থাকলে এ বছর শুঁটকি রপ্তানি থেকে প্রায় ২৫০ কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। বিভিন্ন কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ পোপা শুঁটকি হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হচ্ছে। বেশির ভাগ পোপা শুঁটকি রপ্তানি হচ্ছে হংকং। সেখানকার অধিবাসীরা পোপা শুঁটকি দিয়ে স্যুপ তৈরি করেন। বাংলাদেশ সল্টেড অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল শুক্কুর বলেন, সরকার ফ্রোজেন ফুডসহ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে শতকরা ১০ ভাগ ইনসেনটিভ দিয়ে থাকে। কিন্তু পোপাসহ অন্যান্য শুঁটকি রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা ওই সুবিধা পাচ্ছেন না। এই সুবিধা পেলে শুঁটকির বিপরীতে বার্ষিক বৈদেশিক উপার্জন ৩০০ কোটি ছাড়িয়ে যেত।