শুঁটকিমহালের শিশুদের হাতে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের নাজিরটেকে অবস্থিত আলোর দিশারি পাঠশালায় পড়ছে শুঁটকিমহালের শ্রমজীবী শিশুরা ষ প্রথম আলো
কক্সবাজারের নাজিরটেকে অবস্থিত আলোর দিশারি পাঠশালায় পড়ছে শুঁটকিমহালের শ্রমজীবী শিশুরা ষ প্রথম আলো

কয়েক বছর আগেও শুঁটকিমহালে দিনমান খাটতে হতো ছোট্ট আবদুল মোতালেবকে। সারা দিন কঠোর পরিশ্রম করে আয় করত ১০০ টাকা। সন্ধ্যায় বাড়ি ফিরে তা তুলে দিত মায়ের হাতে। আশপাশে বিদ্যালয় না থাকায় পড়ালেখা হচ্ছিল না। কিন্তু এখন সেসব অতীত। মোতালেব নিয়মিত বিদ্যালয়ে যায়। আলোর দিশারি পাঠশালার পঞ্চম শ্রেণির এই ছাত্রের চোখে এখন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন।
কক্সবাজার শহরের উপকূলীয় এলাকায় অবস্থিত শুঁটকিপল্লির বহু শ্রমজীবী শিশু আবদুল মোতালেবের মতো এখন বিদ্যালয়ে যাচ্ছে। হেল্প নামের একটি বেসরকারি সংস্থা এসব এলাকার শিশুদের জন্য খুলেছে আলোর দিশারি নামের চারটি বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে পড়ছে ৫০০ শ্রমজীবী শিশু। এসব শিশুর পরিবার তাদের আয়ের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই শিশুদের বিদ্যালয়মুখী করতে হেল্পের পক্ষ থেকে তাদের পরিবারকেও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাইযন্ত্রসহ নানা উপকরণ সরবরাহ করে বিকল্প আয়-রোজগারের ব্যবস্থা করা হয়েছে।
শহরের নাজিরটেক, ফদনার ডেইল, সমিতিপাড়া, নুনিয়াছটা ও কুতুবদিয়াপাড়ায় শ খানেক শুঁটকির মহাল রয়েছে। এসব মহালে কাজ করে প্রায় ৪০ হাজার শ্রমিক। এদের একটি বড় অংশ শিশু। পরিবারকে সাহায্য করতে এই এলাকার শিশুরা বাবা-মায়ের সঙ্গে শুঁটকির মহালে কাজ করে। ২০১১ সালে হেল্পের কার্যক্রম শুরুর পর পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। শুঁটকিমহাল এলাকার শিশুরা এখন বিদ্যালয়মুখী হচ্ছে।
গত ২৯ জুন দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র উপকূলের গ্রাম দক্ষিণ কুতুবদিয়াপাড়ায় কথা হচ্ছিল আলোর দিশারি পাঠশালার বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। পঞ্চম শ্রেণির ছাত্রী হামিদা আকতার জানায়, ‘আমরা এখন শুঁটকির মহালে কাজ করি না। নিয়মিত স্কুলে যাই। লেখাপড়া করতে পেরে খুব ভালো লাগছে।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আক্তার কামাল বলেন, হেল্প নামে বেসরকারি একটি সংস্থা সমুদ্র উপকূলের শ্রমজীবী শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার কাজ করে যাচ্ছে। তাদের প্রতিষ্ঠিত চারটি বিদ্যালয়ে বর্তমানে ৫০০ শ্রমজীবী শিশু পড়ালেখা করছে।
নাজিরারটেক এলাকায় প্রতিষ্ঠিত হেল্পের একটি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষকের সঙ্গে গলা মিলিয়ে নামতা পড়ছে শিশুরা। চোখে-মুখে শ্রমের ক্লান্তি নেই। আছে দুষ্টুমির হাসি। শিশুদের এমন নির্ভার কষ্টহীন চেহারা দেখে খুশি অভিভাবকেরাও। বিদ্যালয়ের অদূরে দাঁড়ানো কয়েকজন অভিভাবক বলেন, ‘আমরা ভাবতেই পারিনি এভাবে ওরা পড়ার সুযোগ পাবে। বাচ্চারা পড়ছে দেখে খুব ভালো লাগছে।’
হেল্প কক্সবাজারের প্রকল্প ব্যবস্থাপক মফিজুল হক বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করা এবং জীবনমানের উন্নয়নের জন্য তাঁরা কাজ করছেন। এরই অংশ হিসেবে উপকূলীয় এলাকার শুঁটকিমহালে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এসব এলাকায় ২০১১ সালে চারটি বিদ্যালয় স্থাপন করা হয়। যেখানে ২২৫ জন ছেলে আর ২৭৫ জন মেয়ে শিশু পড়ছে। বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন, সংগীতসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় যুক্ত করা হচ্ছে।