শুঁটকির উৎপাদন কমছে, বাড়ছে আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে হাসি নেই চট্টগ্রামের শুঁটকি ব্যবসায়ীদের। উৎপাদন কমে যাওয়ায় আমদানি-নির্ভর হয়ে পড়ছে এ শিল্প। চাহিদার ৪০ শতাংশ শুঁটকি এখন আমদানি হচ্ছে ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে। এই পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা মাছের আকালকে দায়ী করছেন।জনসংখ্যার অনুপাতে দেশে শুঁটকির চাহিদা বাড়লেও বাড়ছে না উৎপাদন। জানা গেছে, ২০১০ সালে শুঁটকি উৎপাদন হয়েছে প্রায় ১০ লাখ মেট্রিক টন। বিক্রি হয়েছে ২২৫ কোটি টাকার শুঁটকি। তবে এ বছর মাছের সরবরাহ কমে যাওয়ায় শুঁটকির উৎপাদন হ্রাসের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।চট্টগ্রামের শুঁটকিশিল্প মূলত সামুদ্রিক মাছের ওপর নির্ভরশীল। উপকূলে জলদস্যুদের উৎপাত, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কমে যাওয়ায় শুঁটকিশিল্পেও বিরূপ প্রভাব পড়েছে।দেশে তৈরি শুঁটকি দিয়ে চাহিদা মেটানো যাচ্ছে না বলে ৪০ শতাংশ শুঁটকি আমদানি করতে হচ্ছে ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে। সূত্রমতে, প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টন শুঁটকি আমদানি হচ্ছে ওই সব দেশ থেকে। তবে অভিযোগ রয়েছে, আমদানি করা এসব শুঁটকি নিম্নমানের।ব্যবসায়ীরা জানান, দেশে তৈরি শুঁটকির গুণগত মান ভালো, স্বাদে-গন্ধে অতুলনীয়। বিদেশেও চট্টগ্রামের শুঁটকির চাহিদা বাড়ছে। দেশে তৈরি শুঁটকির ২০ শতাংশ এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে।আছাদগঞ্জ পাইকারি বাজারে ৩৭টি শুঁটকির আড়ত ও ২৪০টি পাইকারি দোকান রয়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি লাক্ষা বা রূপচাঁদার দাম দুই থেকে আড়াই হাজার টাকা, কোরাল এক হাজার ৫০০ টাকা থেকে দুই হাজার টাকা, চিংড়ি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা, ছুরি ২৫০ থেকে এক হাজার টাকা, চিংড়ি (ছোট) ৫০০ থেকে ৭০০ টাকা, লইট্টা ১২০ থেকে ৩০০ টাকা, ফাইস্যা ১২০ থেকে ৩০০ টাকা, পাতারা ৩০০ থেকে ৪০০ টাকা, পোপা ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।একাধিক ব্যবসায়ী জানান, গত মৌসুমে আছাদগঞ্জ শুঁটকিপট্টিতে শুঁটকির সরবরাহ অনেক বেশি ছিল। কিন্তু এ বছর তেমনটা দেখা যাচ্ছে না। ব্যবসায়ী ইমতিয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত বছর আমার দোকানে শুঁটকির জন্য তিল ধারণের জায়গা ছিল না। অথচ এ বছর হাহাকার। অনেক জেলে সাগরে মাছ ধরতে যাচ্ছে না জলদস্যুর ভয়ে।’প্রতিবছর এ খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও এ শিল্পের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চরাঞ্চলে সনাতন উপায়ে শুঁটকি তৈরি হচ্ছে। যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও এ শিল্পকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলা যায়নি। প্রসঙ্গে আছাদগঞ্জ শুঁটকি আড়তদার সমিতির সহসাধারণ সম্পাদক বাবুল কান্তি বড়ুয়া বলেন, ‘এখনো দেশে বড় মাপের কোনো শুঁটকি প্রক্রিয়াজাত কারখানা গড়ে ওঠেনি। শুঁটকি সংরক্ষণেরও বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা নেই। এ খাতকে ঢেলে সাজানো প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ও ঋণ সহায়তা পেলে শুঁটকিশিল্পে উন্নতি ঘটবে। দেশের চাহিদা মিটবে। রপ্তানিও বাড়বে।