শুকিয়ে গেছে সীতাকুণ্ডের লবণাক্ষ পাহাড়ের জলাধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুেণ্ডর ছোটদারোগাহাট এলাকায় লবণাক্ষ পাহাড়ের সহস্রধারা ঝরনায় বাঁধ দিয়ে সাত বছর আগে সেচের জন্য জলাধার তৈরি করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে বাঁধের স্লুইসগেট নষ্ট থাকায় গত তিন মৌসুমে বর্ষার পানি ধরে রাখা যায়নি। ফলে শুষ্ক মৌসুমে জলাধারটি শুকিয়ে যাওয়ায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, জলাধারটি নির্মাণের পর এর পরিচালনার জন্য সুবিধাভোগী কৃষক প্রতিনিধিদের নিয়ে সমবায় অধিদপ্তরের উদ্যোগে সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন (পাবসস) করা হয়। কিন্তু সদস্যদের বিরোধের কারণে বর্তমানে এই কমিটির কার্যক্রম নেই। ফলে স্লুইসগেট সংস্কারের উদ্যোগও থেমে আছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাঁধটির স্লুইসগেট নষ্ট হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে এর সামনে কয়েকটি বালুর বস্তা রাখা হয়েছে। তার পরও পানি ধরে রাখতে না পারায় বাঁধের ভেতরের অংশ শুকিয়ে গেছে। স্থানীয় লোকজন বাঁধের ভেতর দিয়ে যাতায়াতও করছেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সহস্রধারা ক্ষুদ্রাকার পানি উন্নয়ন উপপ্রকল্পের আওতায় ২০০৮ সালে বাঁধটি নির্মাণ করে সরকার। এতে ব্যয় হয় ১ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৮৩৯ টাকা। বঁাধটির উচ্চতা ৩৬ ফুট ও দৈর্ঘ্য ১০২ মিটার। দুই বছর আগে বাঁধের স্লুইসগেটের একটি রাবার সিল নষ্ট হয়ে যায়। কিন্তু পাবসস কমিটির কার্যক্রম না থাকায় এটি সংস্কারের সিদ্ধান্তও আটকে আছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সমিতির আগের কমিটির মেয়াদ গত বছরের ৮ ডিসেম্বর শেষ হয়। এরপর এ বছরের ১ জানুয়ারি পল্লি জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা (পজীপ) মনিরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে সরকার। তবে আগের কমিটির সভাপতি নুরুল মোস্তফা এখনো দায়িত্ব হস্তান্তর করেননি। ফলে কাজ শুরু করতে পারছে না নতুন কমিটি।
জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা আ ন ম খালেক নেওয়াজ প্রথম আলোকে বলেন, কমিটির দ্বন্দ্বের কারণে ওই এলাকার কৃষকেরা বাঁধটি থেকে কোনো সুবিধা পাচ্ছিল না। তবে আগের কমিটির সভাপতি নুরুল মোস্তফা সম্প্রতি নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
এ বিষয়ে নুরুল মোস্তফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ৪ মে তিনি উপজেলা সমবায় কর্মকর্তার উপস্থিতিতে আহ্বায়ক কমিটির দুই সদস্য সহকারী সমবায় পরিদর্শক বরুজ্জামান ভূঁইয়া ও ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম তখন ছিলেন না।
তবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন নতুন কমিটির আহ্বায়ক (পজীপ) কর্মকর্তা মনিরুল ইসলাম।
উপজেলার বারৈয়ারঢালা ও সৈয়দপুর ইউনিয়নের ছোটদারোগাহাট নুনাছড়া, ইয়াকুব নগর, পূর্বলালানগর, পশ্চিম লালানগর, জাফরনগর, কলাবাড়িয়া ও ধর্মপুর গ্রামে ১ হাজার ৭০০ পরিবার বাঁধটি থেকে সেচ–সুবিধা পাওয়ার কথা। তবে সংস্কারকাজ না হওয়ায় প্রকল্পটি এখন আর কাজে আসছে না কৃষকদের।
ধর্মপুর এলাকার কৃষক মো. আলাউদ্দীন বলেন, শুষ্ক মৌসুমে পানি থাকলে ওই এলাকায় সবজি চাষ করা যেত। পানির অভাবে তাঁর অর্ধেকের বেশি জমি অনাবাদি পড়ে আছে।
সীতাকুণ্ডের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নুরুল ইসলাম খান বলেন, স্লুইসগেটের নষ্ট হওয়া রাবার সিল লাগাতে ব্যয় হবে দুই থেকে আড়াই লাখ টাকা। কিন্তু পরিচালনা কমিটির দ্বন্দ্বের কারণে এটি লাগানো হচ্ছে না।