শুকিয়ে গেছে ছড়া-ঝিরি পানির জন্য হাহাকার

গৃহবধূ মালতী ত্রিপুরার দিন শুরু হয় ভোর পাঁচটায়। দুই মেয়েকে সঙ্গে নিয়ে ছুটতে হয় পানির জন্য। আশপাশের ছড়া-ঝিরিতে পানি নেই। আগে দুই কিলোমিটারের মধ্যে পানি পাওয়া গেলেও এখন যেতে হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত। পানি নিয়ে ফিরতে ফিরতে সকাল ১০টা পেরিয়ে যায়। একইভাবে যেতে হয় আবার বিকেলেও। পানি সংগ্রহে প্রতিদিন তাদের এই কষ্ট। মালতীর বাড়ি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাদকপাড়া গ্রামে।
মালতী জানান, তাঁদের পাঁচজনের সংসারের জন্য প্রয়োজন কমপক্ষে ২০ কলসি পানি। তিনজন দুইবারে আনতে পারেন ১৮ কলসি। তা দিয়েই কোনো রকমে চলছে। অনেক সময় খাওয়ার পানিরও সংকট হয়।
শুধু মালতী নন, হাদকপাড়া গ্রামের সব গৃহবধূর একই অবস্থা। চলতি মাসের শুরু থেকে পানির সংকট চরম আকার ধারণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সাজেক, সারোয়াতলী, বাঘাইছড়ি, রূপকারী ও মারিশ্যা ইউনিয়নের দুর্গম এলাকায় সাড়ে তিন হাজার গ্রামে অর্ধলক্ষাধিক লোকের বসবাস। এসব লোকজন যুগ যুগ ধরে ঝরনা, ছড়া ও ঝিরির পানি ব্যবহার করে আসছেন। অব্যাহত বন উজাড়, বৃক্ষনিধন ও বৃষ্টি কম হওয়ায় পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এতে শুষ্ক মৌসুমে ওই গ্রামগুলোতে তীব্র পানির সংকট দেখা দেয়। ফলে দুই থেকে তিন কিলোমিটার দূরে গিয়েও পানি মিলছে না।
স্থানীয় লোকজন জানান, পাহাড়ি এলাকায় এপ্রিল মাসের মাঝামাঝিতে বৃষ্টি হলেও এবার টানা এক মাস বৃষ্টির দেখা নেই। ফলে শুকিয়ে গেছে পাহাড়ি ছড়া-ঝরনা ও ঝিরিগুলো। পাহাড়ি দুর্গম গ্রামে শেষ ভরসা পাথুরে কুয়া। এখন সেখানেও পানি মিলছে না।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, দুর্গম পাহাড়ি এলাকার গ্রামগুলো সমতলের চেয়ে এক থেকে দুই হাজার ফুট ওপরে। সেখানে নলকূপ কিংবা রিংওয়েল বসানোর ব্যবস্থা নেই।
সাজেকের হাদকপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটিতে ১৮ পরিবারের বসবাস। সমতল থেকে প্রায় ১৮০০ ফুট ওপরের এই গ্রামে নলকূপ ও রিংওয়েল নেই। শুকিয়ে গেছে পানির উৎস ছড়া ও ঝিরিগুলো। গ্রামের নারী ও শিশুরা পানির জন্য দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত পাড়ি দিচ্ছে।
হাদকপাড়া গ্রামের বাসিন্দা ভুবনজয় ত্রিপুরা ও অনিতাবালা ত্রিপুরা জানান, আগে মে মাসে পানির সংকট এত প্রকট হতো না। টানা এক মাস বৃষ্টি না হওয়ায় এবার কষ্ট বেড়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা বলেন, আমার ইউনিয়নে অধিকাংশ এলাকা পাহাড়ি অঞ্চল। এখানে নলকূপ কিংবা রিংওয়েল বসানোর সুযোগ নেই। হাতে গোনা কয়েকটি গ্রামে শুধু পাথুরে কুয়া স্থাপন করা হয়। কিন্তু সেই কুয়াগুলোতেও তেমন পানি পাওয়া যাচ্ছে না।
নেলসন চাকমা আরও বলেন, দেড় মাস ধরে দুর্গম গ্রামের লোকজন খাদ্যসংকটে ভুগছেন। তবে সরকারি-বেসরকারিভাবে খাদ্য–সহায়তা দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখন যোগ হয়েছে পানির সংকট।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক বলেন, বন ধ্বংস হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত পানির সংকট কাটবে না।