শুকিয়ে গেছে ধুরুং, সেচ সংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্তীর্ণ এলাকায় শুকিয়ে চৌচির হয়ে গেছে তলদেশ। খালের অস্তিত্ব বলতে কিছু স্থানে নালার মতো পানি বয়ে যাচ্ছে। তাও সবখানে নয়, কিছু কিছু স্থানে। এমনই করুণ হাল এখন ফটিকছড়ির ধুরুং খালের। এদিকে খালে পানি না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। বোরোর জন্য সেচের পানি পাচ্ছেন না।
চাষিরা জানান, খালের পাড়ের ধুরুং, উত্তর-দক্ষিণ ধুরুং, কাঞ্চননগর, কাঞ্চুরহাট, পাইন্দং, চমুরহাট, বেড়াজালি, বিবিরহাট, চরদীঘি, স্বেতকুয়া, লক্ষ্মীছড়ি, কচিরাপাড়াসহ ২০ গ্রামের সহস্রাধিক চাষির বোরো চাষে পানির ভরসা ধুরুং খাল। কিন্তু গত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে খালে পানি থাকছে না। ফলে সেচ সংকটে পড়ে ফসল মারা যাচ্ছে।
জানা গেছে, পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির পাহাড় থেকে নেমে আসা ধুরুং ফটিকছড়ি উপজেলা হয়ে হালদা নদীতে মিশেছে। বছরের পর বছর বর্ষায় উজান থেকে নেমে আসা পলি ও আশপাশের ময়লা-আবর্জনায় খালের তলদেশ ভরাট হয়ে গেছে। খনন না হওয়ায় তলদেশের উচ্চতা বেড়ে পানির ধারণক্ষমতাও কমে গেছে। এখন শুষ্ক মৌসুমে খরা, বর্ষায় প্লাবিত হয় দুকূল।
উপজেলা সদরের বাসিন্দা আবুল কালাম (৪২) বলেন, পাঁচ বছর আগেও ধুরুং ছিল স্রোতস্বিনী। এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। দুই পাড়ের জমিতে চাষ হতো খালের পানি দিয়ে। কিন্তু এখন ধুরুং ধু ধু বালুচর।
বেড়াজালি গ্রামের চাষি নেছার আহম্মদ বলেন, ‘খালের পাশে দুই কানি জমি আছে আমার। সেখানে চাষাবাদ করে সংসার চলে। এখন খালে পানি না থাকায় চাষাবাদের খরচ বেড়ে গেছে।’
সরেজমিনে দেখা গেছে, কাঞ্চন নগরের চমুরহাট থেকে ধুরুং গ্রামের পাইন্দং গ্রাম পর্যন্ত খালে ১৫ কিলোমিটার অংশে খালে পানি নেই। কিছু কিছু স্থানে খালের তলদেশ শুকিয়ে চৌচির হয়ে গেছে। কয়েকজন কৃষক নিচু স্থান থেকে পানি বালতিতে ভরে খেতে নিয়ে সেচ দিতে নিচ্ছেন।
স্বেতকুয়া গ্রামের চাষি এনামুল হক বলেন, এলাকার চাষিরা বোরোসহ বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ কমেছে। ফলে কৃষক পরিবারগুলোর অভাব-অনটনে দিন কাটছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, ধুরুং খাল শুকিয়ে যাওয়ায় এবার ফটিকছড়িতে প্রায় ৩০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় অনেক কৃষক পরিবার দুশ্চিন্তায় রয়েছে। এটি খননের জন্য পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান বলেন, শিগিগর ধুরুং খাল খননের পরিকল্পনা নেওয়া হবে। এরপর আর সেচসংকট থাকবে না।