শুকিয়ে গেছে পুকুর-দিঘি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার প্রায় এক হাজার পুকুর-দিঘি শুকিয়ে গেছে। তলানি জমে গভীরতা কমে যাওয়ায় ও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে উপজেলার প্রায় দেড় লাখ মানুষ পানির সংকটে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রাজাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং, রত্নাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোটবড় পুকুর, দিঘি ও খালের পানি শুকিয়ে গেছে। গত দুই সপ্তাহের দাবদাহের কারণে জলাশয়গুলোর পানি তলানিতে ঠেকেছে। গত ২৫ এপ্রিল রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল গ্রামে গিয়ে দেখা যায়, এলাকার একমাত্র পুকুরটিতে একেবারেই পানি নেই। এলাকার বাসিন্দারা জানান, এই পুকুরের ওপর প্রায় ৫০০ পরিবার নির্ভরশীল। গোসল, কাপড়কাচা ও রান্নার কাজে তাঁরা এই পুকুরের পানি ব্যবহার করেন। পুকুরটি শুকিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ নেমে এসেছে এখানকার মানুষের জীবনে। পানি উঠছে না গভীর নলকূপগুলো থেকেও। গ্রামবাসী রবীন্দ্র ঘোষ (৬০) বলেন, ‘৪০-৫০ বছরের পুরোনো এই পুকুরটি ব্যক্তি মালিকানাধীন। তাই কেউ খনন করছে না। গভীরতা না থাকায় প্রতিবছর পানি শুকিয়ে যায়।’ পালংখালী ইউনিয়নের পালংখালী বাজারসংলগ্ন গ্রামের পুকুরটিও গত ১০-১২ দিন আগে শুকিয়ে গেছে। এই পুকুরের পানি ব্যবহার করেন প্রায় আড়াই শ পরিবার। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল মাবুদ জানান, ‘পুকুরের গভীরতা কম তাই প্রতিবছর শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। উপজেলার সব জায়গায় একই অবস্থা।’উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোটবড় প্রায় ১১০০ সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন পুকুর-দিঘি ও ছড়া রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, মূলত জলাশয়গুলোর গভীরতা কম হওয়ায় পানি শুকিয়ে যাচ্ছে। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, পালংখালী ইউনিয়নের দুই শতাধিক পুকুর এবং বিভিন্ন জলাশয় শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। জনস্বার্থে এসব জলাশয় খনন করতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ ব্যাপারে বলেন, শিগগিরই বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার জনগুরুত্বপূর্ণ পুকুর, দিঘি খননের উদ্যোগ নেওয়া হবে।