শুকিয়ে যাচ্ছে ইছামতি
রাঙ্গুনিয়ার ইছামতি নদী শুকিয়ে যাচ্ছে। কিছু অংশে নামেমাত্র পানি এখনো নদীর অস্তিত্ব টিকিয়ে রেখেছে। পর্যাপ্ত পানির অভাবে নদীর পাড়ের ১০ কিলোমিটার এলাকায় সবজিচাষ ব্যাহত হচ্ছে। কৃষকেরা জানান, ইছামতি নদী রাঙামাটির কাউখালী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্য দিয়ে কর্ণফুলীতে মিলিত হয়েছে। ফলে প্রতিবছর বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বালিতে ইছামতি নদীর তলদেশ ভরাট হচ্ছে। তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় নদীর পানি ধারণক্ষমতাও কমে গেছে। ফলে গত দুই দশক ধরে শুষ্ক মৌসুমের শুরুতে পানি শুকিয়ে এ নদী প্রায় মৃত হয়ে যায়। রাঙ্গুনিয়া মুরাদনগর পৌর এলাকার রশিদ আহমদ (৭৩) জানান, ‘দুই দশক আগেও ইছামতি নদীর গভীরতা ছিল প্রচুর। এ নদীতে তখন প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। এ নদীর পানি দিয়ে শাকসবজি ও ধানচাষ করত চাষিরা। বিশেষ করে ইছামতির চর, হাজারি বিল, রাজানগর বিল ও বগাবিলি বিলে সবজি ও ধানচাষ করে স্বাবলম্বী হয়েছেন নদীর পাড়ের অনেক কৃষক।’ তিনি বলেন, ‘রোয়াজার হাট সংলগ্ন ইছামতির চরে আমার প্রায় আড়াই একর জমি রয়েছে, যেখানে সারা বছর শুধু সবজি চাষ হত। ইছামতি নদীর পানিই ছিল সেচের মূল উৎস। কিন্তু এখন ইছামতি থেকে পানি না পাওয়ায় সবজির চাষ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেকে সবজির চাষ ছেড়ে দিয়েছেন।’সরেজমিনে দেখা যায়, রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থেকে কর্ণফুলী নদীর মিলিত স্থান পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে ছোট-বড় অসংখ্য চর জেগেছে ইছামতিতে। বালুর চরের নিচু এলাকা দিয়ে সামান্য পরিমাণে পানি নিচের দিকে গড়িয়ে পড়ছে। সেখান থেকে কলসি বা বালতি ভরে পানি নিয়ে চাষিরা সবজি খেতে সেচ দিচ্ছেন। রাজানগর চরের সবজিচাষি কফিল উদ্দিন (৩৪) জানান, চরে প্রায় সাড়ে তিন শতাধিক চাষি সবজি ও অন্যান্য ফসলের চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ইছামতি নদীর পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ করতে পারছেন না অনেকে। ফলে কৃষক পরিবারগুলো অভাব-অনটনে দিন কাটাচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলার কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, রাঙ্গুনিয়া পৌরসভা ও চার ইউনিয়নের চারটি চরের প্রায় চার হাজার একর জমির ফসল উৎপাদন ইছামতি নদীর পানি সেচের ওপর নির্ভরশীল। কিন্তু গত দুই দশক ধরে ইছামতি নদীর পানি শুকিয়ে যাওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। পানির অভাবে চারটি চরের ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণ ফসলি জমি অনুৎপাদনশীল হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ইছামতি নদীর পানির ওপর শুধু সবজি নয়, গুমাই বিলের ধানচাষও নির্ভরশীল। কিন্তু এ নদী ভরাট হয়ে যাওয়ায় তিনটি শাখা নদীও মরে আছে ১০ বছর ধরে। এ নদী খননের জন্য বিভাগীয় পর্যায়ে একাধিকবার প্রতিবেদন পাঠানো হলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘ফসল উৎপাদনের স্বার্থে ইছামতি নদী খনন জরুরি। এ নদী খনন করা হলে মৎস্য সম্পদের যথেষ্ট উন্নয়ন হবে।’ নদী খননের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।