তীব্র খরার কারণে পানিশূন্য হয়ে পড়েছে ফটিকছড়ি উপজেলার হালদা নদী। হালদার পানি প্রবাহের উৎস পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও মানিকছড়ি এলাকার পাহাড়ি ঝরনা থেকে সৃষ্ট মানিকছড়ি, ধুরুং, সর্তাসহ বেশ কিছু খাল শুকিয়ে গেছে। ফলে প্রবাহ নেই হালদায়। বিস্তীর্ণ এলাকায় চর পড়ায় হুমকির মুখে পড়েছে এই নদীতে অবস্থিত মাছের প্রাকৃতিক প্রজনন এলাকাটিও। পাশাপাশি দেখা দিয়েছে সেচসংকট।
স্থানীয় বাসিন্দারা জানান, হালদা শুকিয়ে যাওয়ায় নাজিরহাট হালদার চর, পূর্ব-সুয়াবিল, পাঁচপুকুরিয়া, দৌলতপুর, রোসাংগিরী, ধুরুং, সুন্দরপুরের বারৈয়ারহাট ও এককুলীয়া চরের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় শাক-সবজি ও বোরো ধানের আবাদ হুমকির মুখে পড়েছে। এতে পাঁচ ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষক সংকটে পড়বেন।
উপজেলার দৌলতপুর এলাকার জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, এক দশক আগেও নদীতে প্রচুর পানির প্রবাহ ছিল। নদীর পানি দিয়ে শাক-সবজি ও বোরো ধানের আবাদ করতেন কৃষকেরা। এখন পানি না থাকায় বিপাকে পড়েছেন তাঁরা।
পাঁচ পুকুরিয়া গ্রামের মাহাবুবুল আলম বলেন, ‘হালদার চরে আমার এক একর জমি রয়েছে। নদীর পানি ছিল সেচের প্রধান উৎস। বর্তমানে হালদায় পানি না থাকায় চরের জমিতে চাষ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।’
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর পৌরসভা থেকে দৌলতপুর গ্রাম পর্যন্ত হালদায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ছোট-বড় অসংখ্য চর জেগেছে। কোথাও কোথাও নদীর গভীরতা পায়ের গোড়ালি সমান। সেখান থেকে কলসি ভরে পানি নিয়ে চাষিরা খেতে সেচ দিচ্ছেন।
সুয়াবিল গ্রামের বোরোচাষি মো. করিম বলেন, এখানকার শত শত কৃষক চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। ফলে কৃষক পরিবারগুলোর অভাব-অনটনে দিন কাটছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, ‘উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় এক হাজার হেক্টর জমিতে সেচের জন্য হালদার ওপর নির্ভর করেন চাষিরা। হালদার পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় চাষাবাদ ব্যাহত হবে।’
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান বলেন, হালদা নদী খনন করলে শুকনো মৌসুমে পানির প্রবাহ বাড়বে। শিগগিরই এটি খননের উদ্যোগ নেওয়া হবে।