শুক্র এবং শনিবারের কাছে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্র এবং শনিবারের কাছে
শুক্র এবং শনিবারের কাছে


প্রিয় শুক্র ও শনিবার,

পত্রের প্রথমে ভালোবাসা নিও। তোমরা দুজন আমাদের পরিবারের সবচেয়ে আদরের। আমরা যখন সারা সপ্তাহ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, তোমরা তখন সেই কবে থেকে রেস্টে থাকো, বিকেলে চিড়িয়াখানায় ঘুরতে যাও, শিশুপার্কে যাও। আমাদের সকাল শুরু হয় গাড়ির হর্নে, ট্রাফিক পুলিশের গালিতে, বাসে ঝুলে। তোমরা ঘুম থেকে উঠে সকালে নাশতা করে পত্রিকা পড়, দুপুরে পোলাও-কোরমা-খিচুড়ি খাও। তোমাদের দুদিন শহর ফাঁকা থাকে, জ্যাম থাকে না, ঘাম থাকে না। তাই বিরক্তি থাকে না।

আমরা দিনের পর দিন খেটে, পরিশ্রম করে মাস গড়ি, বছর গড়ি। তোমাদের অবদান কেবল অলস একটি বার। এসব নিয়ে আমাদের আক্ষেপ ছিল না কোনোকালেই।

সমস্যা হচ্ছে ইদানীং আমরা প্রতিবন্ধী হয়ে যাচ্ছি, আমাদের প্রতিবন্ধী করে দেওয়া হচ্ছে। কত আর ভালো লাগে বল? বিরোধী দলের এক কথায় আমরা সব ভাই বন্ধ হয়ে যাই। আমাদের বারে ককটেল ফোটানো হয়, গাড়ি পোড়ানো হয়, শরীর নেই বলে বেঁচে গেছি। নইলে পত্রিকায় খবর পেতে, ‘আগুনে পুড়ে গেছে রবি, সোম, মঙ্গল, বুধসহ বৃহস্পতিবার; শুক্র শনির শোক প্রকাশ’, ‘ভাই হত্যার বিচার দাবি করেছেন দুজন’।

ব্যাপারটা কেমন হতো বল? ভাবছো ব্যস্ততা কমেছে, তাতে খুশি থাকার কথা। না, আমরা পরিশ্রম করা বার, আমাদের ছুটি হলে বিরক্ত লাগে। তা ছাড়া ছুটি পাচ্ছি কই! পরিশ্রম তো ঠিকই করতে হচ্ছে। ভয়ে ভয়ে করতে হচ্ছে। তা ছাড়া আন্তর্জাতিক বারদের সঙ্গে তাল মেলাতে পারছি না কোনোভাবেই। ওদের বারগুলো কর্মঠ, এগিয়ে যাচ্ছে দ্রুত। কেবল রবির অবস্থা কিছুটা তোমাদের মতো। ওদের সঙ্গে আড্ডায় আমাদের চুপ থাকতে হয়। নিজেদের কাজের কথা গর্ব নিয়ে বলতে পারি না।

দুঃখের কথা আর কী বলব, তোমরা ভালো থেকো ছুটি বুকে নিয়ে। মিলেমিশে থেকো। বিধাতা তোমাদের হরতালমুক্ত থাকার ক্ষমতা দিয়েছেন। আমাদের সংসারে দিয়েছেন হরতালের হাহাকার। তোমরা ভালো থেকো সরকারি ছুটি নিয়ে, আমরা ভালো থাকব বিরোধী দলের অযাচিত ছুটি নিয়ে!

ইতি তোমাদের পাঁচ ভাই

রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার

শুক্র এবং শনিবারের কাছে
শুক্র এবং শনিবারের কাছে