শুক্রবার কি অসুখ হতে নেই!
‘বৃহস্পতিবার রাত থেকে বুকে ব্যথা শুরু হয়। পরদিন সকালেও ব্যথা কমে না। ব্যথার সঙ্গে ভয়ও বাড়তে থাকে। স্বজনেরা পরামর্শ দিলেন চিকিৎসকের কাছে যেতে। কিন্তু বিভিন্ন চিকিৎসকের চেম্বারে খোঁজ নিয়ে জানতে পারলাম কোনো হৃদ্রোগ বিশেষজ্ঞ ছুটির দিনে রোগী দেখবেন না।’
স্কুলশিক্ষিকা ইভা রোজারিও এভাবেই তাঁর হঠাৎ অসুস্থতার পর শুক্রবারে চিকিৎসক সংকটের বিষয়টি বর্ণনা করলেন। মাস দুয়েক আগে তিনি এক শুক্রবারে এ সমস্যায় পড়েছিলেন। তাঁর প্রশ্ন, ‘শুক্রবার কি তাহলে মানুষের অসুখ হতে নেই?’
এই সমস্যা শুধু ইভা রোজারিওর না। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, সব মানুষই ছুটির দিনগুলোতে অসুখে পড়লে চিকিৎসক সংকটে ভোগেন। নগরের বেশির ভাগ চিকিৎসক ছুটির দিনগুলোতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন না। সরকারি হাসপাতাল খোলা থাকলেও সেখানেও জ্যেষ্ঠ চিকিৎসকেরা সাপ্তাহিক সরকারি ছুটির দিনে বাইরে থাকেন।
জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হোসেন বলেন, শুক্রবার কিংবা সরকারি ছুটির দিনগুলোতে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন না ঠিক। কিন্তু ওই সময় আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। সাপ্তাহিক ছুটি কিংবা কোনো উৎসবের ছুটিতেও হাসপাতালে চিকিৎসক থাকেন। স্বাভাবিক সময়ের চেয়ে চিকিৎসক কম থাকলেও চিকিৎসা পাওয়া যায়। আর কোনো জরুরি অস্ত্রোপচার যদি দরকার হয়, সে ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকও হাজির হন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক চিকিৎসক সরকারি ছুটির দিনে নিজেদের গ্রাম কিংবা এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দেন। আবার অনেকে ছুটি কাটাতে বেড়াতে যান। তবে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ছুটির দিনেও জরুরি প্রয়োজনে গিয়ে রোগী দেখেন বলে জানান।
জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ও চমেক উপাধ্যক্ষ মুজিবুল হক খান বলেন, খোলার দিনগুলোতে চিকিৎসকেরা অনেক ব্যস্ত সময় কাটান। তাই সরকারি ছুটির দিনে একটু ছুটির আমেজে থাকেন। তবে জরুরি প্রয়োজনে অনেক সময় হাসপাতালেও যেতে হয়। সাধারণ মানুষ সরকারি-বেসরকারি হাসপাতালে ছুটির দিনগুলোতে অবশ্যই সেবা পাবে।
কিন্তু ছুটির দিনে সরকারি হাসপাতালেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগও কম নয়। আবার সামান্য অসুস্থতার কারণে ওই সময় কেউ সরকারি হাসপাতালে যেতে পারেন না। কারণ ছুটির দিনে সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকে।
এ কারণে শিক্ষিকা ইভা রোজারিও শুক্রবারে বুকে ব্যথা নিয়ে নিরুপায় হয়ে পড়েছিলেন। শেষে তিনি একজন পরিচিত এমবিবিএস চিকিৎসকের কাছ থেকে সাময়িক ব্যবস্থাপত্র নিয়েছিলেন। পরে শনিবার হৃদ্রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন।