শুক্লাম্বর দীঘির মেলা
চন্দনাইশের বরমায় ১৪ জানুয়ারি শেষ হয়েছে হিন্দু সমপ্রদায়ের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলা। বরমা ইউনিয়নের বাইনজুড়ী গ্রামে দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ভারত, নেপাল ও ভুটান থেকে অনেক পুণ্যার্থী আসেন। প্রায় পাঁচ শ বছর আগে থেকে শুক্লাম্বর দীঘির মেলা হিন্দু সমপ্রদায়ের মিলনমেলা হিসেবে পরিচিত। জানা যায়, এই মেলার প্রবর্তন করেন তত্কালীন ভারতের নদীয়া জেলা থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসা শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠী। হিন্দু নারী-পুরুষেরা মনে করেন, শুক্লাম্বর ত্রিপাঠী সদাজাগ্রত। তিনি এখনো ওই দীঘিতে আছেন। তাঁরা মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যে ওই দীঘিতে স্নান করেন। এতে পাপ ধুয়ে মুছে তাঁরা মনের মানুষে পরিণত হন বলে জানান বাঁশখালীর পুকুরিয়া থেকে আসা অঞ্জনা শীল। সরেজমিনে দেখা যায়, প্রচুর নারী-পুরুষ বোতলে করে দুধ এনে দীঘিতে উত্সর্গ করছেন। তাঁদের বিশ্বাস, ওই দুধ পানিতে মেশে না। সরাসরি দীঘির গভীরে পৌঁছে যায়। কিছু নারী-পুরুষ মনোবাসনা পূরণের জন্য দীঘির অশ্বত্থগাছের ডালে সুতা বাঁধতে দেখা যায়। এ ছাড়া কেউ কেউ ছাগল, কবুতর বলি দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ চৌধুরী মেলা পরিদর্শন করেন।