শুটিং স্পটে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিটরে একটি রঙিন প্রজাপতি। প্রজাপতির ঝিলমিল ডানায় স্থির হয়ে আছে ক্যামেরা। একটু পরে মনিটরে দেখা গেল জনপ্রিয় নায়িকা নিপুণের মুখ। আর তখনই শোনা গেল সেই পরিচিত শব্দটি...অ্যাকশন। শুরু হয়ে গেল শুটিং।নিপুণ: কবার প্রেম করেছ।ইমন: সত্যি কথা বলতে চারবার, দুবার ছেঁকা খেয়েছি, দুবার দিয়েছি...। নিপুণ: ধরো বিয়ে করলে, তারপর তার সাথে ঠিক বোঝাপড়াটা হলো না, তখন কী করবে?ইমন: লেজ যখন একবার কাটা পড়েছে, তখন আর কী করা, মানিয়ে নেওয়ার চেষ্টা করব।‘ওকে, গুড শট!’—পরিচালক নার্গিস আক্তারের জোরালো উচ্চারণ।গত রোববার প্রজাপতি পার্কে এভাবেই একের পর এক শট দিয়ে যাচ্ছিলেন এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্রতারকা নিপুণ, ইমন ও নবাগতা শারমিন।সেদিন পার্কে বেড়াতে এসে শুটিং দেখার বাড়তি আনন্দটুকু পেয়ে গেলেন অনেকেই। নিজেদের পছন্দের প্রিয় নায়ক-নায়িকাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ বেড়ানোর কথা ভুলে গিয়ে মজে গেলেন শুটিং দেখায়। এমন মজার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তো আর সব সময় পাওয়া যায় না! তাই এই মুহূর্তগুলো ধরে রাখতে কেউ ছবি তুললেন প্রিয় তারকার সঙ্গে, কেউবা অটোগ্রাফের জন্য অপেক্ষা করতে থাকলেন। শুটিং দেখতে পেয়ে ভীষণ খুশি উম্মে হাবিবা। তিনি বললেন, ‘ইমন আমার প্রিয় নায়ক। তাঁর সঙ্গে একটা ছবি তুলবই।’ নিরাশ করেননি তারকারা। কাজের ফাঁকে ফাঁকে তাঁরা ভক্তদের আবদার পূরণ করছিলেন। কথা হয় পরিচালক নার্গিস আক্তারের সঙ্গে। তিনি জানান, তিন দিনের জন্য চট্টগ্রামে এসেছেন ভালোবাসা কী করে ভালো হয় নামে একটি ডিজিটাল চলচ্চিত্রের শুটিং করতে। তিনি বলেন, ‘আমার প্রতিটি ছবিতেই কোনো না কোনো চমক থাকে, এটাও ব্যতিক্রম নয়। আশা করি, দর্শকের ভালো লাগবে। এতে চট্টগ্রামের দুজন শিল্পীও কাজ করছেন। এর আগে অবশ্য তাঁরা মঞ্চে কাজ করেছেন। তাই তাঁদের দিয়ে কাজ করানোটা সহজ হচ্ছে।’এর মাঝেই পোশাক পাল্টে এসে চিত্রনায়িকা নিপুণ মেকআপটা ঠিকঠাক করে নিচ্ছিলেন। সেই ফাঁকে কথা হলো তাঁর সঙ্গে। কক্সবাজারে শাফি উদ্দিন শাফির ঢাকার কিং ছবির কাজ সেরে তিনি চট্টগ্রাম এসেছেন। এর আগে তিনি কখনো বন্দর নগরে আসেননি। এবারই প্রথম। ভালোবাসা কী করে ভালো হয় ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বললেন, ‘এই ছবিতে আমার চরিত্রের নাম ইভা। যার একটি অতীত আছে, সে কারণে সে বিয়ে করতে চায় না। ইভার সাথে কোনো একসময় পরিচয় হয় একটি ছেলের। সে তার ছোটবোনের বন্ধু। ইভা ছোটবোনের জন্য ছেলেটিকে পছন্দ করে। কিন্তু ছেলেটি ইভাকেই পছন্দ করে ফেলে। এভাবেই কাহিনি ভিন্ন ভিন্ন দিকে মোড় নেয়।চট্টগ্রামের লোকদের আতিথেয়তায় মুগ্ধ নিপুণ। তিনি বললেন, ‘গতকাল এখানকার একটা বাসায় কাজ করেছি, তাঁরা আমাদের এত আদর যত্ন করেছেন যে, তা কখনো ভুলব না। আর শহরটাও বেশ পরিচ্ছন্ন।’ পাশেই ছিলেন ইমন। চলচ্চিত্র নিয়ে ইদানীং খুবই ব্যস্ত তিনি। ভালোবাসা কী করে ভালো হয় ছাড়াও তাঁর হাতে আছে আরও বেশ কয়েকটি ছবি। তিনি জানান, চট্টগ্রামের সৌন্দর্য তাঁকে খুব টানে। এরই মধ্যে দুপুরের রোদটা ঝাঁঝালো হয়ে উঠেছে। সেটও পার্কের আরেক প্রান্তে চলে গেছে। এখানকার দৃশ্যটিতে দেখা যাবে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে উচ্ছ্বসিত শারমিন নায়কের সঙ্গে হাত মেলাবেন। কিন্তু বার বার হাত মেলালেও উচ্ছ্বাসটা ঠিক বোঝা যাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য শট ‘ওকে’ হলে বেশ খুশি শারমিন। তিনি জানান, এটা তাঁর প্রথম কাজ। প্রথমবারই নার্গিস আক্তারের সঙ্গে কাজ করতে পারাটা ভাগ্যের ব্যাপার বলে মনে করছেন তিনি। দুপুরের পর থেকেই কাজের গতি আরও বেড়ে গেল। দিনের আলো থাকতে থাকতেই শটগুলো শেষ করতে হবে, বার বার সতর্ক করতে থাকলেন পরিচালক। বঙ্গোপসাগরের ওই প্রান্তে পশ্চিম দিগন্তে সূর্যটা ডুব দেওয়ার আগেই ওঁরা গুটিয়ে নিলেন সব কিছু। এরপর অন্য স্পট।