শুদ্ধ উচ্চারণে বাংলা পড়তে শিখছে পাহাড়ি শিশুরা

ভাষাগত ব্যবধানের কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা ঠিকমতো বাংলায় কথা বলতে ও পড়তে পারে না। অনেকে লিখতে পারলেও উচ্চারণের সমস্যা থেকেই যায়। এ কারণে পিছিয়েও পড়ছে পাহাড়ি শিশুরা। তবে খাগড়াছড়ি জেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন শুদ্ধ উচ্চারণে বাংলা শিখছে। জড়তা কাটিয়ে বাংলায় ঠিকভাবে পড়তেও পারছে।
জেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের এভাবে শুদ্ধ উচ্চারণ শেখানো হচ্ছে। এ জন্য বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়েছে ‘কমিউনিটি রিডিং ক্যাম্প’। বাংলা পড়তে শেখানোর এই প্রকল্প বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা জাবারাং। ‘রিড’ নামের এই প্রকল্পে আর্থিকভাবে সহযোগিতা করছে সেভ দ্য চিলড্রেন।
১৪ ফেব্রুয়ারি সদর উপজেলার শিবমন্দির এলাকায় অবস্থিত রঞ্জনমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের কার্যক্রমের ফলাফল দেখতে যান দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উন্নয়ন সংস্থা জাবারাংয়ের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা লিয়ানা জেনিগার্ট এবং প্রকল্পের পরিচালক শাহিন ইসলাম। পরিদর্শনের সময় তাঁরা সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় রঞ্জনমনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিতা চাকমা বলেন, ‘আগে আমাদের শিক্ষার্থীরা সঠিক উচ্চারণে বাংলায় কথা বলতে ও পড়তে পারত না। বর্তমানে কমিউনিটি রিডিং ক্যাম্প থেকে শিখে এসে শিশুরা জড়তা কাটিয়ে সঠিক উচ্চারণে কথা বলছে।’
রঞ্জনমনিপাড়া কমিউনিটি রিডিং ক্যাম্পের শিক্ষিকা রিমু চাকমা বলেন, ‘শিশুদের আমরা পড়ার জন্য চাপ দিই না। বিভিন্ন উপকরণের মাধ্যমে ওরা বাংলা উচ্চারণ শিখছে।’
কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা জানান, প্রাথমিক পর্যায়ে সব পাঠ্যবই বাংলায়। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেননা পাহাড়ি শিশুদের মাতৃভাষা বাংলা নয়। ফলে তারা পিছিয়ে পড়ছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলায় পঠন দক্ষতা বাড়ানো।
জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, ‘রিড প্রকল্পের কার্যক্রমের শুরুতে আমরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণপ্রাপ্ত এসব শিক্ষক এখন বাংলায় উচ্চারণ শেখাচ্ছেন শিক্ষার্থীদের।’