শুদ্ধ সংস্কৃতিচর্চা নৈতিকতা ও মানবিক বোধকে সমৃদ্ধ করে। আমাদের সন্তানেরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও তাদের সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ভিত্তি খুবই দুর্বল। এ কারণে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের খুব সহজে মগজধোলাই করে জঙ্গিবাদীরা মানুষ হত্যায় প্রলুব্ধ করছে।
চট্টগ্রাম জেলা শিশু একাডেমীর বিভিন্ন কোর্সের শিশু-কিশোর প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ১৫ জুলাই শিশু একাডেমী প্রাঙ্গণে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুল হক ও শিশু একাডেমীর পরিচালক নার্গিস সুলতানা।
সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক, আবিদা আজাদ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটন প্রমুখ। বিজ্ঞপ্তি।