
শুদ্ধ সংস্কৃতিচর্চাই জাগাবে মুক্তবুদ্ধি, জাগিয়ে তুলবে সত্যিকারের দেশপ্রেম। এ জন্য জঙ্গিবাদের মতো অশনিসংকেত থেকে মুক্তির জন্য সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে হবে। সুর-ছন্দ জীবনের ছন্দ পতন থেকে রক্ষার পথ দেখায়।
সন্দীপনা সাংস্কৃতিক ফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসবে বক্তারা এসব কথা বলেন। গত ২৬ নভেম্বর দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসসংলগ্ন জাদুঘর মিলনায়তনে এ উৎসব উদ্যাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীণ আখতার। কর্মসূচির মধ্যে ছিল ‘মুক্তিযুদ্ধের আদর্শে সুশীল সমাজ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, কর্মী সম্মেলন, কবিতা পাঠ, গণসংগীতের আসর, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী, দলীয় ও একক পরিবেশনা এবং নাট্য ও চিত্রপ্রদর্শনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী মঞ্জুর উল আমিন চৌধুরী, জাপানের অনারারি কনসাল জেনারেল মুহম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, সংগঠক সুযশময় চৌধুরী, নারীনেত্রী রওশন আরা চৌধুরী ও নাট্যব্যক্তিত্ব শেখ শওকত ইকবাল।
সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি যদু গোপাল বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সন্দীপনার জ্যেষ্ঠ সহসভাপতি বাবুল কান্তি দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ, মহাসচিব তাহেরা খাতুন, নাট্যকর্মী জাহানারা পারুল, এমরান হোসেন, মোহাম্মদ রাশেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধারাবাহিক সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে সন্দীপনা বিশাল কর্মী বাহিনী সৃষ্টি করেছে। সেই ধারাকে অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে ছিল সংগীত, আবৃত্তি ও নৃত্য। অংশ নেন রতন কুমার রাহা, কাজল দত্ত, সঞ্চয়ন দাশ, মুসলিম আলী, উজ্জ্বল সিংহ, মোহাম্মদ রাশেদ, মিনহাজুন্নিছা, তাহেরা খাতুন, দিদার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।