শুদ্ধ হও আপন আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে সঙ্গে প্রদীপ প্রজ্বালন করেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। এভাবে শুদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাচিক শিল্প চর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের নিয়মিত গান, কবিতা, আড্ডার আসর ‘শুদ্ধ হও আপন আলোয়’।গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে বসেছিল তারুণ্যের উচ্ছ্বাসের নিয়মিত এ আয়োজনের তৃতীয় আসর। গান, কবিতা ও আড্ডায় সাজানো এ অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের নির্বাচিত প্রায় ২৫ জন শিল্পী এবং চট্টগ্রামের নন্দিত সংগীত ও আবৃত্তিশিল্পীরা।উদ্বোধনী বক্তব্যে অরুণ দাশগুপ্ত বলেন, ‘এ ধরনের আয়োজন সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রসারে সহায়ক হবে। আর তরুণেরা যত বেশি এর সঙ্গে সম্পৃক্ত হবে, তাদের সমাজবোধ তত সমৃদ্ধ হবে।’ উদ্বোধনের পর ছিল তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি সংগীতশিল্পী শাওন সরকারের কণ্ঠে কাজী নজরুলের ‘হৈমন্তিকা এসো এসো’ গানটি এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম ভাস্কর চৌধুরী আবৃত্তি করেন ‘আমার বন্ধু নিরঞ্জন’ কবিতাটি। সংগীতশিল্পী সুব্রত দাশ পরিবেশন করেন হেমন্ত মুখার্জি ও মান্না দের বেশ কয়েকটি গান। আবৃত্তিশিল্পী ইন্দিরা চৌধুরী, মিলি চৌধুরী এবং ফারুক তাহেরের পরিবেশনায় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়, শামসুর রাহমান, মাকিদ হায়দার, নির্মলেন্দু গুণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এ ছাড়া এবারের আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাসের পক্ষে অংশগ্রহণ করেন আবৃত্তিতে শামীমা ইয়াসমীন, মিজানুর রহমান, সুমী দাশ, রাতুল হাসান, মিজানুর রহমান প্রমুখ। সংগীত পরিবেশন করেন মিঠু তলাপাত্র, অর্পিতা দাশগুপ্তা, প্রাপন্তি চক্রবর্তী, প্রমুখ। শিল্পীরা রবীন্দ্র, নজরুল, পল্লি, দেশের গান ও হারানো দিনের গানসহ প্রায় ২০টি গান পরিবেশন করে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। এ ছাড়া মো. মুজাহিদুল ইসলামের গ্রন্থনা ও শামিমা ইয়াসমীনের নির্দেশনায় ‘ছড়ার গাড়ি’শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিশুশিল্পীরা। পুরো আয়োজনটিতে তবলায় সংগত করেন অনুপ বড়ুয়া।