
ইতিহাসের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি জাদুঘরের আরও বহুমাত্রিক ও বৈচিত্র্যময় কার্যক্রম রয়েছে। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য এবং শিল্প-সাহিত্য নিয়ে গবেষণামূলক কাজকর্মও জাদুঘরের আওতায় পড়ে। দর্শনার্থীরা যাতে অতীতের ধ্যানধারণা থেকে বর্তমানের বিশ্লেষণ ও ভবিষ্যতের দিকনির্দেশনা পায়, সে ব্যবস্থা করছে জাদুঘরগুলো।
জাদুঘরমাত্রই অতীত ঘটনাবলির সঙ্গে পরিচয় ঘটায়—এমনই প্রচলিত ধারণা। তবে তা থেকে এখনকার জাদুঘরগুলো বেরিয়ে আসছে বলে মনে করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, জাদুঘরের চেষ্টা হবে সমাজে অসহিষ্ণুতা সৃষ্টির অতীত ঘটনাবলি ও ধ্যানধারণা থেকে শিক্ষা নিয়ে স্থিতিশীল সমাজ গড়া।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম ১৯৭৭ সাল থেকে প্রতি বছরের ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস হিসেবে পালন করছে। চলতি বছর বিশ্বের ১২০টির বেশি দেশে ৩০ হাজারেরও বেশি জাদুঘর এ দিবস উদ্যাপন করবে।
বাংলাদেশে রয়েছে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি জাদুঘর। সময়সূচি জেনে নিয়ে ঘুরে আসতে পারেন এসব জাদুঘরে। এসবের মধ্যে আছে মুক্তিযুদ্ধ, বিমান, টাকা ও বিজ্ঞানবিষয়ক জাদুঘর, যা আপনার সন্তানকে বিনোদনের পাশাপাশি শিক্ষা অর্জনের সুযোগও করে দেবে।
জাতীয় জাদুঘর: বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শনে সমৃদ্ধ বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রাচীন যুগ থেকে আজকের বাংলাদেশ যতগুলো সিঁড়ি পার করেছে, তার সব কটির চিহ্ন ধরে রেখেছে জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠানটির সংগ্রহে এখন রয়েছে ৮৮ হাজার ২৩৩টি নিদর্শন। তবে ৪০টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে মাত্র চার হাজার নিদর্শন। চারতলা ভবনটির ২য়, ৩য় ও ৪র্থ তলায় ঐতিহাসিক সব নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা প্রদর্শনীর জন্য উন্মুক্ত। দ্বিতীয় তলায় সামগ্রিক বাংলাদেশ সম্পর্কে ধারণা পাবেন। তৃতীয় তলায় সজ্জিত আছে অস্ত্রশস্ত্র, চীনামাটির শিল্পকর্ম, পুতুল ও বাদ্যযন্ত্র, বস্ত্র ও পোশাকপরিচ্ছদ, নকশিকাঁথা, পাণ্ডুলিপি, সমকালীন শিল্প ও আবহমান বাংলাদেশ। চতুর্থ তলায় বিশ্বমনীষীদের প্রতিকৃতি, বিশ্ব শিল্পকলা, বিশ্বসভ্যতা প্রভৃতি।
মুক্তিযুদ্ধ জাদুঘর: মুক্তিযুদ্ধের ইতিহাস আর সেই সময়ের নানা দলিলপত্র, ছবি আর অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো হয়েছে এ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘরের লক্ষ্য নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা। এখানে আছে মোট ছয়টি গ্যালারি। গ্যালারিগুলোতে বাংলার অতীত ঐতিহ্য ও সংস্কৃতি, স্বাধীনতার জন্য বাঙালিদের সংগ্রাম, পাকিস্তানি শাসনকালের শুরু থেকে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয়, অস্থায়ী সরকারের মন্ত্রিসভার বিভিন্ন দলিল, বৈদেশিক সমর্থন এবং পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের চিত্রসহ নানা নিদর্শন স্থান পেয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিকে এ দেশে জনপ্রিয় করাই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্দেশ্য। দর্শনার্থীদের সুবিধার জন্য এখানকার সংগ্রহশালাকে বিভিন্ন গ্যালারিতে ভাগ করা হয়েছে। ভৌত গ্যালারিতে বিজ্ঞানের নানা সূত্রের প্রমাণ দেখানো হয়েছে। তথ্যপ্রযুক্তি গ্যালারিতে কম্পিউটারের বিবর্তন, বিচিত্র সব মজার বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিয়ে ‘মজার বিজ্ঞান গ্যালারি’, জীববিজ্ঞান গ্যালারি আর তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করার জন্য আছে একটি গ্যালারি। এই জাদুঘরে নতুন চালু হয়েছে চতুর্মাত্রিক (ফোরডি) চলচিত্র প্রদর্শনী। ১০ মিনিটের এ চলচ্চিত্র দেখতে টিকিট লাগে ৪০ টাকার। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে তৈরি প্রায় ২৫টি চলচ্চিত্র ঘুরিয়ে ফিরিয়ে প্রদর্শন করা হয়।
বিমানবাহিনী জাদুঘর: রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের পশ্চিম রানওয়েতে (আইডিবি ভবনের বিপরীত পাশে) অবস্থিত দেশের প্রথম বিমানবাহিনী জাদুঘর। গত বছরের ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ জাদুঘরটি। যুদ্ধ, প্রশিক্ষণ ও পরিবহন মিলিয়ে ১৮টি বিমান, চারটি হেলিকপ্টার ও তিনটি রাডার প্রদর্শিত হয়েছে এখানে। এর মধ্যে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকোটা ও মিগ-টোয়েন্টিওয়ান বিমানও। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, বিমানবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও উন্নয়ন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এ জাদুঘর চালু করা হয়েছে। জাদুঘরের মাঠের মাঝখানে রাখা হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম যাত্রীবাহী বিমান বলাকা। রাশিয়ায় তৈরি এন-২৪ পরিবহন বিমানটি ১৯৭৩ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে সংযোজিত হয়। জাদুঘরে প্রদর্শিত মিগ-২১ বিমানটি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ ও অবদানের জন্য ভারত বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে দেয়।
টাকা জাদুঘর: বাংলাদেশের একমাত্র টাকা জাদুঘরটি মিরপুর ২ নম্বর সেকশনে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় অবস্থিত। প্রাচীন আমল থেকে এই ভূখণ্ডে প্রচলিত প্রায় সব ধাতব মুদ্রা ও কাগুজে নোট দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বিশ্বের প্রায় ১২০টি দেশের মুদ্রাও স্থান পেয়েছে এখানে। এখানে মাত্র ৫০ টাকার বিনিময়ে এক লাখ টাকার স্মারক নোটের ভেতরে চাইলেই যে কেউ নিজের ছবি জুড়ে নিতে পারেন।
#জাতীয় জাদুঘর
গ্রীষ্মকালীন (এপ্রিল-সেপ্টেম্বর): শনি-বুধ ১০:৩০-৫:৩০; শুক্র ৩-৮টা। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এবং সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। প্রবেশমূল্য ১২ বছরের নিচে পাঁচ টাকা আর ১২ বছরের ওপরে ১০ টাকা।
#মুক্তিযুদ্ধ জাদুঘর
প্রবেশমূল্য পাঁচ টাকা। গ্রীষ্মকালীন: সোম-শনি সকাল ১০-৬টা। সাপ্তাহিক বন্ধ রোববার।
#বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
প্রবেশমূল্য পাঁচ টাকা। শনি-বুধ ৯:১৫-৪.৪৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার এবং সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘর বন্ধ থাকে।
#টাকা জাদুঘর
টাকা জাদুঘরে বিনা মূল্যে প্রবেশ করা যায়। খোলা থাকে শনি-সোমবার বেলা ১১-৫টা পর্যন্ত। শুক্রবার ৪-৭টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।
#বিমানবাহিনী জাদুঘর
প্রবেশমূল্য ২০ টাকা। সোম-বৃহস্পতি দুপুর ২-৮টা এবং শুক্র ও শনিবার ১০-৮টা পর্যন্ত জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত থাকে। রোববার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকে।