রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকে পৌরসভা ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয় ২০১১ সালের ১২ মে। কিন্তু দেড় বছর পার হতে চললেও এ ব্যাপারে আর কোনো অগ্রগতি নেই। এ নিয়ে জনমনে বিরাজ করছে হাতাশা। স্থগিত হয়ে আছে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনও। কারণ, পৌরসভার বেশির ভাগ এলাকা এ ইউনিয়নের।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ২১ জুন রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু পৌরসভা ঘোষিত হওয়ায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই সময় নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোয়নপত্র দাখিলসহ সব প্রস্তুতি নিয়েও অংশ নিতে না পারায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা হতাশ হয়ে পড়েন। তাঁরা পৌরসভা গঠনের ঘোষণা বাতিল করে ইউপি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় বিক্ষোভ মিছিল করেন।ট্রেসম্যাপ অনুযায়ী, পূর্বে দোভাষী বাজার, দক্ষিণে রাইখালী, উত্তরে বনগ্রাম, পশ্চিমে কাটাখালী এলাকা নিয়ে চন্দ্রঘোনা পৌরসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।কদমতলী ইউনিয়নের বাসিন্দারা জানান, পৌরসভা গঠনের তেমন কোনো অবকাঠামো এখানে নেই। এখানকার যোগাযোগব্যবস্থাও ভালো নয়। নেই শিল্পকারখানা। করের প্রধান উৎস বলতে শুধু একটি বাসস্টেশন ও বাজার। তার পরও অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয় লোকজন। কিন্তু তাতেও বিপত্তি। এখানো সীমানা নির্ধারণ হয়নি, নিয়োগ দেওয়া হয়নি পৌর প্রশাসক।চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন বলেন, দোভাষী বাজারে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া পৌরসভার তেমন কোনো উৎস নেই। অথচ এখানে অবকাঠামো উন্নয়নের কোনো কিছু এখনো চোখে পড়ছে না। অবকাঠামো উন্নয়ন করে পৌরসভা গঠন করা হলে কর দিলেও মানুষের কষ্ট হবে না।জানা যায়, ২০০৩ সালে চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী পাঁচ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ ইউনিয়ন পরিষদের বয়স এখন নয় বছর।ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদুল হক বলেন, ‘পৌরসভা গঠনের কথা বলে চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে নির্বাচন চাই আমরা। আর যদি পৌরসভা করতেই হয়, তাও দ্রুত বাস্তবায়ন হোক।’ চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, ‘পৌরসভা গঠনে অবকাঠামো থাকা পূর্বশর্ত নয়। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্যই তো পৌরসভা।’ এ ব্যাপারে ইউনিয়নের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, চন্দ্রঘোনা পৌরসভা গঠন করতে স্থানীয় সরকার বিভাগের পত্র অনুযায়ী কদমতলি ইউনিয়নের পাঁচটি মৌজা নির্ধারণ করে ট্রেসম্যাপ, এলাকার জনসংখ্যা ও প্রয়োজনীয় সব তথ্য পাঠানো হয়েছে। এরপর আর কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়া হবে।