শুধু তোমারই জন্য

চারা গাছ যেমন প্রতিদিনের পরিচর্যায় হয়ে উঠে বড় গাছে, তেমনি প্রতিদিনকার একটু একটু চর্চায় ভালোবাসাও পায় প্রাণ৷ আর তাই ভালোবাসা দিবসকে ঘিরে যত তর্কবিতর্কই থাকুক না কেন, বছরে একটি দিন প্রিয় মানুষকে বলতে তো কোনো ক্ষতি নেই—ভালোবাসি তোমায়৷ এই প্রসঙ্গে কথা হচ্ছিল অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে৷ জানালেন, বিয়ের পর এটাই তাঁদের প্রথম ভালোবাসা দিবস৷ আর তাই এখন থেকেই দিনটির জন্য করেছেন নানা পরিকল্পনা৷ ‘যেহেতু আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, তাই বিয়ের আগে ভালোবাসা দিবস পালনের কোনো সুযোগই পাইনি৷ তবে এবার বিশেষ বিশেষ আয়োজনে চমকে দিতে চাই আমার স্বামী রাফসানকে৷’
প্রিয় মানুষটিকে এভাবে চমকে দেওয়ার নানা আয়োজনের মধ্যে সাধারণত উপহারটাই সবচেয়ে গুরুত্ব পেয়ে থাকে৷ আর প্রিয় মানুষটির জন্য কেনা উপহারটি তো একটু বিশেষত্ব না হলে কি চলে? তা যদি হয় ভালোবাসা দিবসের মতো বিশেষ কোনো দিন, তাহলে আর কোনো কথা নেই৷ নগরীর উপহারের দোকানগুলোতে তাই দেখা গেল নানা ধরনের উপহারের পসরা৷ কোনো কোনো গিফটশপে তো আবার প্রিয় মানুষটিকে কীভাবে চমকে দেবেন, দিয়ে দেওয়া হচ্ছে তার ধারণা৷


চকলেট, কার্ড বা টেডিবিয়ার ভালোবাসা দিবসের উপহার বলতে শুধু এগুলোর প্রচলন ছিল আমাদের দেশে৷ তবে সেই ধারণাতে এখন লেগেছে বৈচিত্র৵তা৷ যেমনটা বলছিলেন বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার৷ দামি উপহার নয়, বরং মিনিংফুল উপহারটাই এখন ভ্যালেনন্টাইন ডেতে জনপ্রিয় হয়ে উঠছে৷ এ ক্ষেত্রে উপহারটা যে সব সময় কোনো পণ্যই হতে হবে, তা নয়৷ কারও যেমন পছন্দ কেক তার জন্য নান্দনিক একটা বক্সের ভেতর অনেক রঙের লেয়ার আছে এমন একটা পেস্ট্রি পাঠিয়ে দেওয়া যেতে পারে৷ লিপি খন্দকার জানালেন, এখন তো হাতে তৈরি কাগজের নান্দনিক বাক্স পাওয়া যায়৷ উপহার পাঠানোর জন্য এই ধরনের বাক্স ব্যবহার করা যেতে পারে৷ এদিকে ইন্টারনেট আর মোবাইলের এই যুগেও হাতে তৈরি কার্ডের আবেদন কিন্তু কমেনি এতটুকু৷ বরং উপহারের সঙ্গে পাঠানো কার্ড একটা আলাদা গ্রহণযোগ্যতা পাচ্ছে৷ এ জন্য উপহারটা যাই হোক না কেন, তার সঙ্গে একটা কার্ড আর একটা গোলাপফুল জুড়ে দেওয়ার পরামর্শ দিলেন লিপি খন্দকার৷

ভালোবাসা দিবসের উপহারে আরও কিছু নতুনত্ব যোগ করলেন গুলশান-২-এর ইউনিমার্টের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মূর্তজা বশীর৷ যেমন দুটো গোল্ড ফিশও হতে পারে ভালেবাসা দিবসের উপহার৷ একটা ছোট কাচের জারে পানি দিয়ে কিছু রংবেরঙের পাথর ছড়িয়ে এর মধ্যে ছেড়ে দিন মাছগুলোকে৷ এবার জারের ওপরে রোমান্টিক কিছু কথা জুড়ে দিন৷ হাতে আঁকা কুশন কাভার, ওয়াল হ্যাঙ্গিং ম্যাট এগুলোও ভালোবাসা দিবসের উপহারে আনতে পারে নতুন সংযোজন৷ এ ছাড়া সুগন্ধী মোমবাতি, ঘড়ি, কসমেটিকসসহ নানা ধরনের ইলেকট্রনিকস গেজেটের আয়োজন থাকছে ইউনিমার্টের ভালোবাসা দিবসের আয়োজনে৷ মূর্তজা বশীর জানালেন, এখনকার ছেলেমেয়েরা তো ঘুরতে খুব ভালোবাসে৷ আর এই বিষয়টি ভেবেই ভ্যালেনন্টাইন উপহার হিসেবে নানা ধরনের লাগেজের আয়োজন থাকছে তাদের এখানে৷
এদিকে উপহারটা যাই হোক না কেন, বৈচিত্র্যময় উপস্থাপনা তার নিজস্বতা বোধকে তুলে ধরে৷ এই প্রসঙ্গে কাগজামির স্বত্বাধিকারী মাকসুদা আজীজ জানালেন, যাকে উপহারটা দিচ্ছেন সেই মানুষটার পছন্দের রংটি জেনে সেই রঙের কাগজ মোড়কের জন্য বেছে নিন৷ এবার উপহারটি মোড়কে মুড়িয়ে তার ওপর আপনার প্রিয় মানুষটির জন্য হাতে লিখে দিন দুটো লাইন৷ আর এই হাতে লেখা লাইনগুলো উপহারকে তার কাছে আরও বিশেষ করে তুলবে৷
