নগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বাগমনিরাম ওয়ার্ড। সিআরবি, চট্টগ্রাম ওয়াসা, দামপাড়া, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাগমনিরাম উচ্চবিদ্যালয়, সেন্ট্রাল প্লাজা, মিমি সুপার মার্কেট, সরকারি চারুকলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমী ও ভিআইপি টাওয়ারসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ ওয়ার্ডে। হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার ৩১ হাজার ১৮৫ জন। পুরুষ ১৭ হাজার ১৯৭, নারী ১৩ হাজার ৯৮৮। নতুন ভোটার এক হাজার ৮৬৭ জন। গত দুদিন এলাকার বিভিন্ন মহল্লায় ঘুরে ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ খুব একটা দেখা যায়নি। প্রার্থী ও ভোটারদের ধারণা, ভোটের তিন-চার দিন আগে জমবে আসল যুদ্ধ। এখন প্রার্থীরা গণ্যমান্যদের নিয়ে দোয়া প্রার্থনাকে গুরুত্ব দিচ্ছেন। বাগমনিরামে কাউন্সিলর প্রার্থী সাতজন—গিয়াস উদ্দিন (পদ্মফুল), জাগির উদ্দিন সর্দার (নলকূপ), কফিল উদ্দিন (চাঁদ), হাসান মনসুর (হাতি), সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী ( আপেল), মো. আবদুল মান্নান (বৈদ্যুতিক পাখা) ও আমিনুল ইসলাম (ক্রিকেট ব্যাট)। এর মধ্যে প্রথম চারজনই আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। পঞ্চম ও ষষ্ঠজন বিএনপি ও শেষের জন জামায়াত সমর্থক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বাগমনিরাম ওয়ার্ডের প্রধান সমস্যা যানজট। ও আর নিজাম সড়ক থেকে গোল পাহাড় মোড়, প্রবর্তক মোড় থেকে মেহেদিবাগ হয়ে এম এম আলী সড়ক ও চট্টেশ্বরী মোড় পর্যন্ত যানজটে অতিষ্ঠ থাকেন এলাকার সর্বস্তরের মানুষ। চারদিকে আবাসিক এলাকা হলেও কয়েক বছরে অধিকাংশ জনপদ বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে অনেক কেজি স্কুল, ক্লিনিক ও ছোট-বড় বিপণিকেন্দ্র গড়ে উঠেছে। মূলত এসব প্রতিষ্ঠানকে ঘিরেই এ যানজটের সৃষ্টি। এ ছাড়া, কাজীর দেউড়ি দুই নম্বর গলি, আবদুল হালিম সড়কসহ কয়েকটি সড়ক এত সরু আঁকাবাঁকা ও উঁচু-নিচু যে, রিকশা চলাচলও দুঃসাধ্য। এসব এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মানুষের স্বাভাবিক চলাচল বিরক্তিকর ঠেকে। বর্ষাকালে দামপাড়া, বাদশা মিয়া সড়ক ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় জলাবদ্ধতা প্রকট হয়ে ওঠে। কাজীর দেউড়ি, চট্টেশ্বরী, এম এম আলী সড়ক, সিআরবি ও পলোগ্রাউন্ড এলাকা ছিনতাইকারীদের বিচরণ ক্ষেত্র বলে বদনাম রয়েছে। বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন এর আগে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এলাকার বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এসব সমস্যা দীর্ঘদিনের। ইতিমধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে পেরেছি। সর্বস্তরের জনগণের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’ বয়সে প্রবীণ কিন্তু নির্বাচনে নবীন জাগির উদ্দিন সর্দার কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি। এলাকার সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, (৬ জুন) সব এলাকা ঘোরা হয়নি। তাই সমস্যাগুলো চিহ্নিত করতে একটু সময় লাগবে। তবে যানজট, জলাবদ্ধতা, আবর্জনা নিষ্কাশনসহ বিদ্যমান অন্য সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা নেবেন বলে তিনি জানান। কে হবেন ৩১ হাজার ভোটার অধ্যুষিত বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর। এ প্রশ্নের উত্তরে নানা জনের নানান মত। বেশির ভাগ ভোটার এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অভিজ্ঞ, শিক্ষিত ও উদ্যমী লোকের প্রয়োজনের ওপর জোর দেন। এলাকার চট্টেশ্বরী সড়কের ভোটার, ক্রীড়াসংগঠক অধ্যাপক শায়েস্তা খান বলেন, ‘গিয়াস শিক্ষিত, আমার প্রিয়। তার প্রতি আমার ভালোবাসা থাকবে।’ সেন্ট্রাল প্লাজা মার্কেটের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, গিয়াসকে যেকোনো সমস্যার সময় ডাকলে কাছে পাওয়া যায়। এলাকায় তাঁর ভালো গ্রহণযোগ্যতা রয়েছে। অন্যদের সম্পর্কে তেমন ধারণা নেই।’ কাজীর দেউড়ি দুই নম্বর গলির বাসিন্দা চিত্রশিল্পী মউদুদুল আলম ও এম এম আলী সড়কের ষোল কোয়ার্টার এক নম্বর গলির বাসিন্দা এমদাদুল হক আজাদের মতে, ‘গিয়াসুদ্দিন এলাকার উন্নয়নে প্রচুর কাজ করেছেন, তাঁকে সবাই ভালো জানেন। অন্যরা সেভাবে এখনো পরিচিত হয়ে ওঠেননি।’তবে কাজীর দেউড়ি, ব্যাটারি গলিসহ কয়েকটি এলাকায় জাগির সর্দারের পরিচিতি ভালো বলে জানা গেছে। বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, ‘প্রবীণ সর্দার, ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে জাগির সাহেবের সুনাম আছে। আওয়ামী লীগের সমর্থনও আছে তাঁর প্রতি। আশা করি তিনি জিতবেন।’ কাজীর দেউড়ি দুই নম্বর গলিতে নাগরিক কমিটির কার্যালয়ে কথা হয় জাতীয় পার্টির ওয়ার্ড কমিটির সভাপতি পরিচয়দানকারী মো. জসীম উদ্দিন এবং ছাত্রদল বাগমনিরাম শাখার আহ্বায়ক পরিচয়দানকারী মো. ইদ্রিচের সঙ্গে। উভয়ে জানান, তাঁদের দলের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়নি। তাই তাঁরা জাগির সর্দারের পক্ষে কাজ করছেন। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, গিয়াস ও জাগির দুজনই আওয়ামী ঘরানার হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে তাঁদের মধ্যে।