শুধু নারীর জন্য

‘গায়ে হাত দেওয়া অথবা বিভিন্ন ধরনের যৌন হয়রানি বাসে যাতায়াত করেন এমন নারীদের জন্য বিরাট এক সমস্যা, বিশেষত সকাল আর সন্ধ্যার ভিড়ের সময়টাতে।’ এভাবেই নারীদের নিত্যদিনের সমস্যার কথা তুলে ধরেন নেপালের একটা গণপরিবহন ইউনিয়নের প্রধান ভরত নেপাল। পরিবহন ইউনিয়নটির উদ্যোগে সম্প্রতি কাঠমান্ডুতে শুধু নারীদের জন্য আলাদা মিনিবাস সেবা চালু করা হয়েছে। দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুধু নারীদের জন্য আলাদা মিনিবাসের সেবা এই প্রথম। পরীক্ষামূলকভাবে ১৭ আসনের চারটি মিনিবাস দিয়ে এ সেবা চালু করেছে নেপালের বাগমাতি ফেডারেশন ট্রান্সপোর্ট ইউনিয়ন। প্রথম পর্যায়ে কেবল সকাল আর সন্ধ্যার ব্যস্ততম সময়ে এই সেবা চালু করা হয়েছে। এই সেবা সাফল্য পেলে আগামীতে মিনিবাস ও রুটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।
বাগমাতি ফেডারেশন ট্রান্সপোর্ট ইউনিয়নের প্রেসিডেন্ট বলেন, ‘নারী যাত্রীদের জন্য বিড়ম্বনামুক্ত নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে।’ চারটি মিনিবাস নিয়ে চালু করা এই সেবা পরিচালনায় চালক ও চালকের সহকারী হিসেবেও নারীদের নিয়োগ করার কথা ভাবছেন উদ্যোক্তারা। তবে, এখন কেবল একটি মিনিবাসে একজনই নারী সহকারী রয়েছেন। সংশ্লিষ্ট বাকি সবাই পুরুষ।
২০১৩ সালে বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে, ১৯ থেকে ৩৫ বছর বয়সী নেপালি নারীদের ২৬ শতাংশই গণপরিবহনে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। ২০১১ সালে ২১ বছর বয়সী এক নারী বৌদ্ধ ভিক্ষু একটা বাসে চালকসহ পাঁচ পুরুষের ধর্ষণের শিকার হন।
গণপরিবহনে নারীদের ওপর যৌন হয়রানি বেড়ে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পাশের দেশ ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোরেলে শুধু নারীদের জন্য আলাদা বগি চালু করা হয় ২০১০ সালে। সম্প্রতি বাস-ট্রেনের মতো গণপরিবহন তো বটেই এমনকি ট্যাক্সিও নারীদের জন্য অনিরাপদ হয়ে ওঠে। একের পর এক ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।