
যাত্রীছাউনি নেই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। নেই শৌচাগার। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকে আবর্জনা। শুধু তা-ই নয়, বৃষ্টি হলে কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো এলাকা। নালা না থাকায় পানিনিষ্কাশনের পথও নেই। এমন করুণ হাল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একমাত্র বাস টার্মিনালটির।
জানা যায়, ২৪ বছর ধরে টার্মিনালের কোনো উন্নয়ন নেই। ফলে দিনে দিনে বেড়েছে যাত্রীদের ভোগান্তি। তিন বছর ধরে হচ্ছে না টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভা। বাস টার্মিনালটি দিয়ে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও অভ্যন্তরীণ রুটের দুই শতাধিক গাড়ি যাতায়াত করে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার যাত্রী ব্যবহার করেন এই টার্মিনাল।
সম্প্রতি সরেজমিনে টার্মিনালে দেখা যায় চারপাশে ময়লা-আর্বজনার স্তূপ। বিভিন্ন বিদ্যালয়ের ৩০ থেকে ৪০ জন ছাত্রী বিদ্যালয় ছুটি শেষে বাড়িতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় রয়েছে। প্রখর রোদে টার্মিনালের বিভিন্ন দোকানের সামনে দাঁড়িয়ে আছে তারা।
দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শাহিদা আক্তার ও মুন্নি আক্তার বলে, তাদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয় বাস টার্মিনালের মাধ্যমে। এখানে বসার কোনো জায়গা নেই। তাই বিভিন্ন দোকানে সামনে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় থাকে।
যাত্রী জাহেদা বেগম, সুশান্ত চাকমা, শিল্পী চাকমা, মোহাম্মদ আলী জানান, বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে। তখন টার্মিনালে হাঁটা যায় না। বিশেষ করে শিশুদের নিয়ে টার্মিনালে এলে বেশি ভোগান্তিতে পড়তে হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৮৯ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দীঘিনালা বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এটির কোনো উন্নয়ন হয়নি। ২০১২ সালের ২৯ জুন রাতে আগুনে পুড়ে গেলে যাত্রীছাউনিটিও আর পুনর্নির্মাণ করা হয়নি। এ ছাড়া বর্তমানে টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির কোনো কার্যক্রম নেই। ২০০৯ সালের ৩ আগস্ট সর্বশেষ ওই কমিটির সভা হয়। এরপর আর সভা হয়নি।
টার্মিনালে দায়িত্বরত লাইনম্যান মোজাফ্ফর হোসেন ও মো. মহসিন বলেন, টার্মিনালে তাঁদের বসার স্থান পর্যন্ত নেই। বৃষ্টি হলে তাঁদেরও দোকানে আশ্রয় নিতে হয়। বাসচালক সজীব বড়ুয়া ও মো. এনাম বলেন, তাঁরা অর্ধশতাধিক চালক প্রতিদিন বাস টার্মিনালে দায়িত্ব পালন করেন। তাঁদের বিশ্রামের কোনো স্থান নেই। শৌচাগার না থাকায় বেশি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।
এ প্রসঙ্গে বাস টার্মিনাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজুলল জাহিদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। শিগগিরই যানবাহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে টার্মিনালের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেব।’