শুধু নেই একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের বাড়িতে বিশাল এক বিল ছিল। অনেক জমিসহ বিশাল বিলটা ছিল আমাদের। বিলের জল শুকিয়ে যাওয়ার আগে আগেই বিলের মধ্যে অনেকগুলো গর্ত খোঁড়া হতো। রোদের তাপে জল যতই শুকাত, মাছেরা ওই গর্তগুলোয় আশ্রয় নিত। জল শুকিয়ে গেলে মাছদের ফাঁদে পা না দিয়ে উপায় নেই। বিশাল বিশাল শোল থেকে চিংড়ি, পুঁটি পর্যন্ত জড় হতো। তারপর দিনক্ষণ ঠিক করে দুদিন ধরে চলত মাছ ধরার উৎসব। সে এক মহা খুশির দিন। গ্রামের ছেলে-বুড়ো হইচই করে পরনের লুঙ্গি গুটিয়ে খালি পায়ে মাছ ধরার সাজ-সরঞ্জাম নিয়ে সকাল থেকেই নেমে পড়ত বড় বড় ঘোলা গর্তে। অনেকে খালি হাতে মৃগেল-শোল উঠিয়ে আনত। কেউ কেউ বাইম ভেবে সাপও ধরে আনত। হইচই পড়ে যেত বিলজুড়ে। সে এক দেখার মতো দৃশ্য। মাছ ধরা শেষে গ্রামের সবাইকে বিলিয়ে যে পরিমাণ বাড়িতে আসত, তা উপচে পড়ত সারা উঠান। কিছু মাছ বেছে নিয়ে মা আস্তেধীরে কুটতে বসতেন। আমাদের রান্নাঘরটি ছিল চারদিক বাঁশের বেড়া, মাথার ওপর টিনের চাল। পাশেই কয়েকটি কলাগাছ। চালের ওপর বিরাট এক আমগাছ। আমের মৌসুমে মুকুলের গন্ধে বাড়িটা ম ম করত। জোর বাতাসে ঢেউ তুলে আমের ডালগুলো টিনের চালে মৃদুমন্দ শব্দ তুলত। রান্নাঘরে ছোট একটা কাঠের পিঁড়িতে বসে মা রান্না চাপাতেন। রান্নাঘরের এক পাশে ছিল দুটি মাটির চুলা, অন্য পাশে ছোট একটা চৌকি। চৌকির এক পাশে লাকড়ি আর পাটশোলার স্তূপ। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না হতো। মায়ের পছন্দ করা লাকড়ি আনা হতো নদীর পাড়ের গুদাম থেকে। রান্নার শুরুতেই চুলা দুটি জ্বালিয়ে নিতেন। এরপর বসতেন শিল-পাটা নিয়ে মসলা পিষতে। আদা, হলুদ, রসুন, শুকনো ও কাঁচামরিচ, পেঁয়াজ নিজ হাতেই পিষতেন। মাঝেমধ্যে পাটার ওপর পানির ছিটা দিয়ে নিতেন। পেষা মসলা মণ্ড মতো হয়ে এলে কলার শুকনো মোটা খোসা দিয়ে জড়ো করতেন পাটার মাঝখানে। তারপর কাঠের একটা বাটিতে উঠিয়ে নিতেন। বাটির চারপাশে সাজিয়ে নিতেন পেষা মসলা। অবশ্য মাকে সাহায্য করার জন্য দুজন তৈরি থাকত, তবে রান্না করতেন নিজ হাতেই। কোন রান্নায় কেমন আঁচ, তা ঠিক করে নিতেন। শিল-পাটায় পেষা মসলায় কই মাছের ঝোল, আদা-কাঁচামরিচ পেঁয়াজের টাকি ভর্তা, পাবদা-পেঁয়াজের চচ্চড়ি, পোড়া বেগুনের ভর্তা, আমের কুচি দিয়ে ডাল রান্না হতো অপূর্ব। সবাইকে খাইয়ে নিজে খেয়ে মা শোয়ার ঘরের চওড়া খাটটায় বসতেন পানদানি নিয়ে। পান চিবুতে চিবুতে গল্প করতেন সুখ-দুঃখের। গল্প করতে করতেই ক্লান্তিতে এক সময় চোখ দুটি বুজে আসত মায়ের।বাড়ি গিয়েছিলাম গত ফেব্রুয়ারি। জরাজীর্ণ হয়ে গেছে বাড়িটি। টিনের চালগুলো মরচে পড়ে ফ্যাকাশে হয়ে গেছে। ঘরগুলো খালি। কেউ থাকে না বাড়িতে। শোয়ার ঘরের চওড়া খাটটা তেমনি আছে। পাশে কাঠের আলনায় ধুলা জমে গেছে। যে বারান্দায় বসে মসলা পিষতেন, শানবাঁধানো বারান্দাটা তেমনি আছে। তেমনি আছে পড়ে থাকা মাটির চুলা। আছে সবই, শুধু নেই একজন।লিয়াকত হোসেনসুইডেন, স্টকহোম থেকে[email protected]