শুধু পূজা নয় মিলনমেলাও

‘কাল পূজা দেখতে জগন্নাথ হলে কে কে যাচ্ছিস?’ গত মঙ্গলবার রাজধানীর অনেকের ফেসবুক স্ট্যাটাসেই চোখে পড়ল এই প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে তো বটেই, ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের কাছেও জগন্নাথ হলের সরস্বতী পূজার আয়োজনের অন্য রকম একটা মাহাত্ম্য আছে। ১ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হলো জগন্নাথ হল প্রাঙ্গণে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়।

মা-বাবা-স্বজনদের নিয়ে পূজা দেখতে আসেন অনেকে। গত বৃহস্পতিবার বিকেলে কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মা পরী সরকারের সঙ্গে। চট্টগ্রাম থেকে এসেছেন তিনি। বললেন, ‘ছেলের মুখে এখানকার সরস্বতী পূজার কথা অনেক শুনেছি। সময় ও সুযোগের অভাবে আসতে পারিনি। এবার ঢাকায় ডাক্তার দেখাতে এসেছি। সঙ্গে পূজাও দেখলাম। সারা দিন এখানে আছি। খুব ভালো লাগছে।’
প্রতিটি বিভাগেরই নিজস্ব নানা আয়োজন থাকে সরস্বতী পূজা ঘিরে। প্রতিবছর একটি নির্দিষ্ট ব্যাচ পূজার প্রধান ব্যবস্থাপনায় থাকে। তাঁদের তত্ত্বাবধানে বিভাগের জুনিয়ররা কাজ করেন। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার একটা ভালো উপায় এই পূজা আয়োজন। সকাল থেকেই শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকা থেকে হাজির হয়েছিল পুণ্যার্থী ও দর্শনার্থীরা। শুধু পূজাই নয়, এ এক মিলনমেলাও বটে। ছোট ছোট বাচ্চা এসেছিল মা-বাবার হাত ধরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সুমন দাস এসেছিলেন পরিবারের সবাইকে নিয়ে। তিনি বলেন, ‘ছাত্রজীবনে এই দিনটির অপেক্ষায় থাকতাম। এখনো অপেক্ষায় থাকি। পরিবার-পরিজন নিয়ে এসেছি পূজা দেখতে। অসাম্প্রদায়িকতায় ভাস্বর হোক সমাজ—এই প্রত্যাশা রাখি।’

দিন-রাত খেটে এই বিশাল আয়োজনের প্রস্তুতি নেন জগন্নাথ হলের বাসিন্দারা। পূজার আগের দিনগুলোতে রাতের বেলা দফায় দফায় বিভাগভিত্তিক মিটিং করতে দেখা যায়। বাজেট, প্রতিমা, মঞ্চ, আলোকসজ্জা, প্রসাদ—এত কিছুর দেখভাল, কত কাজ! উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা এসব আয়োজন করেন। বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নিলয় দেবনাথ বলছিলেন, ‘বিদ্যার দেবী সরস্বতী মাতার পূজা ছোটবেলা থেকেই করে আসছি প্রতিবছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে জগন্নাথ হলের সরস্বতী পূজার আয়োজনের অংশীদারি হওয়ার সুযোগ পেয়েছি। একসঙ্গে এতগুলো পূজা, এত মানুষের সমারোহ আর নান্দনিকতার ভিত্তিতে এটিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী পূজার আয়োজন। শুভ্রতার দেবী, বিদ্যার দেবী যেন আমাদের জ্ঞানে, বিদ্যায় আরও সমৃদ্ধিশালী করে—এই কামনাই করি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জগন্নাথ হল চত্বরজুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৬০টির বেশি প্রতিমা স্থাপন ও মণ্ডপ নির্মাণ করেছিলেন। প্রতিটা বিভাগের শিক্ষার্থীরাই চেষ্টা করেছেন নিজেদের সেরাটা ঢেলে দিতে। দৃষ্টিনন্দন এই মহোৎসবে প্রতিফলিত হয়েছে চিরায়ত বাঙালি সংস্কৃতির শাশ্বত মহিমা। পাশাপাশি প্রাধান্য পেয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সমন্বিত শিল্পরূপ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মণ্ডপে চোখে পড়ল কয়েকটি ভাঙা-আধভাঙা স্তম্ভ। বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তন্ময় সাহা ব্যাখ্যা করলেন তাঁদের ভাবনা, ‘আমরা মণ্ডপটি দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি। পাঁচটি খুঁটির মধ্যে যে দুটি এখনো টিকে আছে, তা হলো স্রষ্টার কৃপা আর সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আধভাঙা দুটি হচ্ছে শিক্ষাব্যবস্থা ও গণমাধ্যম, আর ভাঙা স্তম্ভটি হলো প্রশাসন।’
বিশাল মঞ্চ তৈরি করেছিলেন ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। বরাবরের মতো চারুকলা অনুষদের প্রতিমা স্থাপন করা হয়েছিল হল পুকুরের মাঝখানে। সব কটি মণ্ডপ ঘুরে দেখছিলেন ফার্মেসি অনুষদের শেষ বর্ষের ছাত্র সোহাগ বাবু। তিনি বলেন, ‘সরস্বতী পূজা উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষ সবাই মিলিত হয়েছে দেখে খুব ভালো লাগছে। এভাবেই সম্প্রীতি সৌজন্যবোধ অটুট থাকুক। সবার মধ্যে সুশিক্ষা ছড়িয়ে পড়ুক—এটাই চাওয়া।’