প্রথম আলো কার্যালয়ে ফ্যাশন ডিজাইনারদের মতবিনিময় সভা
শুধু প্রতিযোগিতা নয়, পোশাকের বিপণন নিয়েও ভাবতে হবে

নতুন ডিজাইনারদের পোশাকের বিপণন নিয়ে ভাবতে হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি উৎপাদনেও সম্পৃক্ত হওয়া দরকার। তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে। বড় হবে দেশি পোশাকের বাজার।
গত বুধবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত ফ্যাশন ডিজাইনারদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জ্যেষ্ঠ ডিজাইনাররা নতুনদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
তিনি বলেন, এবার এই প্রতিযোগিতার ১৯তম আসর। ফ্যাশন ডিজাইনিংয়ে নতুনদের জায়গা করে দিতে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। বিচারকেরা চুলচেরা বিশ্লেষণ করে বের করে আনেন সেরা পোশাকগুলো।
এ ছাড়া আলোচনায় অংশ নেন শিল্পী আহমেদ নেওয়াজ, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, সুব্রত বড়ুয়া, আইভি হাসান, আমিনা রহমান, সুলতানা নূরজাহান, লুৎফা সানজিদা, কাজী শাহতাজ পারভিন, এইচ এম ইলিয়াস, জোবাইদা আশরাফ প্রমুখ।
তাঁরা বলেন, প্রতিযোগিতায় পুরস্কার জিতে ঘরে বসে থাকলে হবে না। ক্রেতার চাহিদা মেটাতে বাজারে আসতে হবে। কারণ প্রতিযোগিতায় যে পোশাকটি পুরস্কার পায় তা গ্রাহককে আকৃষ্ট করে। কিন্তু অনেক সময় দেখা যায় গ্রাহকের চাহিদা মেটাতে পারেন না নতুনেরা। কারণ তাঁরা বিষয়টিকে বড় করে ভাবেন না। এ জন্য বড় আকারে উৎপাদনে আসার বিকল্প নেই।
নতুন ডিজাইনারদের পোশাক তৈরির ক্ষেত্রে নিজস্ব প্যাটার্ন তৈরির পরামর্শ দেন প্রবীণেরা। তাঁরা বলেন, নিজের ভাবনার প্রতিফলন থাকতে হবে পোশাকের নকশায়। অনুকরণ করে বেশি দূর এগোনো যায় না। তবে বিশ্ব ফ্যাশন সম্পর্কেও জানতে হবে।
নতুন ডিজাইনারদের মধ্যে বক্তব্য দেন আবদুল্লাহ ইবনে সাঈদ, মুনাজ্জা মালিহা চৌধুরী, জোবাইদা হাসান, লুৎফুন নাহার প্রমুখ।
তাঁরা বলেন, ‘প্রথম আলো আয়োজিত ফ্যাশন প্রতিযোগিতায় পুরস্কার জেতা নতুনদের জন্য বড় স্বীকৃতি। নিজের ভাবনা পরখ করতে পারি এই প্রতিযোগিতার মাধ্যমে।’
এবারের প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক সানসিল্ক। সহপৃষ্ঠপোষক রিজেন্ট এয়ারওয়েজ।