শুধু মিষ্টি
ছেলেটি পড়াশোনা করছে দশম শ্রেণিতে। হাসিখুশি স্বভাবের। কিন্তু এই হাসির মাঝেই লুকিয়ে আছে তার বেদনার কথা। তার বাবা নেই। মা বড় সংসারের দিশেহারা নাবিক। বাবা ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। এই কথাগুলো প্রথমে আমি জানতে পারিনি। জেনেছি বছর খানেক আগে। তার বন্ধুর মাধ্যমে, আমাকে তার বাসায় পড়ানোর অনুরোধ করেছিল। তারপর পড়ানো শুরু করলাম। তিন মাস পড়ালাম। হঠাৎ, সে আমাকে স্যরি বলে দিল।
বলল, আপনি আমাকে গত তিন মাস পড়িয়েছেন। কিন্তু, বেতন দিতে পারিনি। দুই হাজার টাকা আমার হাতে গুঁজে দিয়ে কথাগুলো বলল। তার চোখে পানি। আমি তাকে হাত চেপে ধরে বললাম, বেতন দিতে হবে না। যদি ভালো রেজাল্ট করো তাহলে শুধু মিষ্টি খাওয়ালেই চলবে। তাকে তার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পড়ালাম। তারপর কিছুদিন দেখা হয়নি। পরীক্ষার ফলাফল দেওয়ার পর আমার বাসায় মিষ্টি নিয়ে হাজির। সে জিপিএ-৫ পেয়েছে।