
শুধু ঘূর্ণিঝড়ের সংকেত ঘোষণা হলেই আশ্রয়কেন্দ্র নিয়ে তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন। মাইকিং করে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য স্থানীয় লোকজনকে আশ্রয়কেন্দ্রে যেতে বলে। কিন্তু দুর্যোগ পরবর্তী অবস্থায় আর আশ্রয়কেন্দ্রের খোঁজ নেয় না প্রশাসন। ফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে থাকার অনুপযোগী হয়ে পড়েছে মহেশখালী উপজেলার ৩৪টি আশ্রয়কেন্দ্র।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর দুর্যোগ মোকাবিলা করার জন্য বিদেশি বিভিন্ন সংস্থার অর্থায়নে পৌরসভা ও আট ইউনিয়নে ৮২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এরপর ২০০৫ সালে শুধু ধলঘাটা ইউনিয়েনের ১৪টি আশ্রয়কেন্দ্র সংস্কার করা হয়, বাকিগুলোতে সংস্কারের ছোঁয়া লাগেনি। এর মধ্যে ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে ৩৪টি আশ্রয়কেন্দ্রে নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মাতারবাড়িতে ছয়টি, ধলঘাটায় ১৪টি, শাপলাপুরে চারটি, কুতুবজোমে ছয়টি ও ছোট মহেশখালীতে চারটি রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়নের চান্দাকাটার আশ্রয়কেন্দ্রের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভেঙে গেছে দরজা ও জানালার কপাট। ভবনের নিচে পিলারেও বড় ফাটল দেখা গেছে। একই অবস্থা তাজিয়াকাটা ও ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়ার আশ্রয়কেন্দ্রের। এ ছাড়া ধলঘাটা, মাতারবাড়ি, শাপলাপুর ও কুতুবজোম ও ছোট মহেশখালীর আশ্রয়কেন্দ্রগুলোতেও কোনোটিতে দরজা ভাঙা, কোনোটিতে ব্যবহার অনুপযোগী শৌচাগার। আবার কিছু কেন্দ্রের দেয়াল ও পিলারে ফাটল।
কুতুবজোম ইউনিয়নের চান্দাকাটার বাসিন্দা আবদুর রহিম ও কামাল হোসেন জানান, দেয়াল ধসে পড়ার আশঙ্কায় স্থানীয় লোকজন ঘূর্ণিঝড় মহাসেনের সময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়নি। নির্মাণের পর থেকে সংস্কার না করায় আশ্রয়কেন্দ্রটির এই হাল হয়েছে।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আহসান উল্লাহ বলেন, জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা এমনিতে কম। তার ওপর সংস্কারের অভাবে যেগুলো আছে সেগুলোরও খারাপ অবস্থা। সংস্কারের পাশাপাশি এখানে আরও ২০টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা জরুরি। কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, দুর্যোগে দ্বীপের জনগণের নিরাপত্তার একমাত্র ভরসা আশ্রয়কেন্দ্র। কিন্তু সেখানেই এখন মানুষ ভয়ে যেতে চান না।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাতারবাড়ির চারটি, ধলঘাটার ছয়টি, কুতুবজোমের চারটি ও ছোট মহেশখালীর দুইটি আশ্রয়কেন্দ্র জরুরিভিত্তেতে সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। এখনো এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, বরাদ্দ পেলেই আশ্রয়কেন্দ্র সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সংস্কার শুরু হলে প্রতিবেদনে উল্লিখিত ১৬টি ছাড়াও বাকিগুলোতেও কাজ করা হবে।