নলখাগড়ার ওপর সিমেন্টের আস্তর দিয়ে তৈরি দেয়াল, ওপরে টিনের ছাউনি। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। দেয়ালের ফাটল দিয়ে বেরিয়ে এসেছে নলখাগড়া। ৮৯ বছরের পুরোনো এই নলখাগড়ার ভবনেই চলছে দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। টিনশেড পাকা ঘরে অন্তবিভাগ চালু হলেও মূল হাসপাতাল ভবনে বড় ধরনের সংস্কার হয়নি। নানা সময়ে সরকারের শীর্ষ ব্যক্তি ও জনপ্রতিনিধিরা নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি।
১৯৮০ সালে জিয়াউর রহমান ও ১৯৮৩ সালে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করে ৩১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ঘোষণা দেন। তবে সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি এখনো। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রালয়ের সাবেক মন্ত্রী কল্প রঞ্জন চাকমা, বিএনপির সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাও বিভিন্ন সময়ে স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন ঘটেনি।
সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্রে গেলে শল্যচিকিৎসা বিভাগের পরামর্শক চিকিৎসক (কনসালটেন্ট) আসলাম উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘কোনো স্বাস্থ্যকেন্দ্রের ভবন এমন হতে পারে, তা ভাবা যায় না। চিকিৎসকদের থাকার ঘরও জীর্ণ হয়ে পড়েছে, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে।’
স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা বিবেকানন্দ গোমেস্তা, তানজিলা বেগম, আব্দুল বারেক, সেলিনা আক্তার, জাহেদা বেগম, পূর্ণ চন্দ্র চাকমাসহ কয়েকজন রোগী বলেন, শুধু নির্বাচন এলে নেতারা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের কথা বলেন, তবে নির্বাচন শেষ হলে আর খবর থাকে না কারও।
জানা গেছে, গত পাঁচ বছরেও স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র চালু করা সম্ভব হয়নি। সব বিভাগে প্রয়োজনীয় চিকিৎসকও নেই।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শতরুপা চাকমা বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটি শুধু যেন নামেই। কোনো অবকাঠামো নেই। সেই ব্রিটিশ আমলের ঘরের মধ্যেই কার্যক্রম চলছে।’
এ প্রসঙ্গে খাগড়াছড়ির সিভিল সার্জন নারায়ন চন্দ্র বলেন, স্ব্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক-সংকট ও অবকাঠামোর সমস্যা রয়ে গেছে। এসব জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কাছে চিঠি পাঠানো হয়েছে।