শুধুই শনিবারে খাই
এই আয়োজনে খেতে পাবেন শুধুই শনিবারে। তবে খেয়ে এসে আপনার মনে থাকবে সপ্তাহের বাকি ছয় দিন। খাবারের পাশাপাশি থাকছে মজার নানা আয়োজন। হোটেল ওয়েস্টিন ঢাকার ২৪ তলায় প্রেগো রেস্তোরাঁয় চালু হলো ‘বাবলিশাস ব্রাঞ্চ প্রোগ্রাম’। লিফট থেকে নেমেই চমকে যাবেন আপনি। রঙিন কাপড় পরে মুখে রং মেখে চমৎকার সাজে দাঁড়িয়ে থাকা ক্লাউন আপনাকে স্বাগত জানাবে ভিন্ন ঢঙে। বাঁশির প্যাঁ-পোঁ আর রঙিন বেলুন অভ্যর্থনার পর সিটে গিয়ে বসবেন। তবে সঙ্গে থাকা বাচ্চাটি ততক্ষণে ছুটে যাবে কিডস জোনে। কারণ, ওখানে তার জন্য অপেক্ষা করছে মজার মজার খেলা। চাইলে বাচ্চাটি ছবিও আঁকতে পারবে সেখানে। রং, পেনসিল, কাগজ সবই মিলবে সেখানে। শুধু দুপুরের খাবারই খেতে পাবেন এখানে। শুরুতেই স্বাগত পানীয় দিয়ে আপ্যায়ন জানানো হবে। চাইলে ছবি তুলতে পারবেন মজার সেই ক্লাউনের সঙ্গে। খাবার শেষ করে ওঠার আগেই আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে ফ্রেমে আঁটা ছবির কপি। খাবারের তালিকায় থাকছে মোট ১২ পদ। যার মধ্যে রয়েছে টমেটো ব্রুসিট্টা, স্মোকড স্যালমন ব্রুসিট্টা, ক্যাপ্রিস সালাদ, ফ্রাইড কালামারি, বারবিকিউ চিকেন পিৎজা, পেন্নে কারবোনারা, স্মোকড চিকেন ফ্যুজিলি, বিফ পিপার স্টেক, আইসক্রিম, পাকা পেঁপেসহ বিভিন্ন পদ। খাবার পরিবেশনেও থাকছে ভিন্নতার ছোঁয়া। ওয়েস্টিন ঢাকার মার্কেটিং এক্সিকিউটিভ সাবরিনা মৃধা বলেন, ‘প্রতি শনিবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে এটি। এরই মধ্যে জমজমাট হয়ে পড়েছে আমাদের এই ভিন্নধর্মী আয়োজন।’ আগেভাগে নিজের টেবিলও রিজার্ভ করে রাখতে পারেন ৯৪৯১৯৪৪ নম্বরে ফোন করে। এসব পদের খাবার খেতে জনপ্রতি খরচ পড়বে পাঁচ হাজার ৬০ টাকা। ছয় বছর পর্যন্ত বাচ্চাদের জন্য খাবার সম্পূর্ণ বিনা মূল্যে পাবেন। এ ছাড়া ছয় থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য খাবারের মূল্যে থাকছে ৫০ শতাংশ ছাড়।