শুধুই সড়ক সংস্কার ও আলোকসজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধনের কাজ কয়েকটি সড়ক সংস্কার, রং করা এবং আলোকসজ্জার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অপ্রতুল অর্থ বরাদ্দের কারণেই কাজের পরিধি সীমিত রাখা হয়েছে বলে করপোরেশন সূত্রে জানা গেছে। ক্রিকেটের আধুনিকতম সংস্করণ এ টি-টোয়েন্টির বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ মার্চ।

করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সরকার পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে। ২০১১ সালে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময় বরাদ্দ দিয়েছিল প্রায় ৫৬ কোটি ৫০ লাখ টাকা। সে তুলনায় বর্তমান বরাদ্দ অত্যন্ত কম।

চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, নগরের সৌন্দর্যবর্ধনের জন্য মন্ত্রণালয়ে ৫০ কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বরাদ্দ মিলেছে মাত্র পাঁচ কোটি টাকা।

অবশ্য এবারের টুর্নামেন্টকে ঘিরে সৌন্দর্যবর্ধনের ব্যাপারে করপোরেশনের নিজস্ব প্রস্তুতি ও বরাদ্দ সম্পর্কে সঠিক কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘এ ব্যাপারে সচিব ও প্রধান প্রকৌশলী ভালো বলতে পারবেন।’

প্রধান প্রকৌশলী মোখতার আলম প্রথম আলোকে বলেন, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরের রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জার জন্য ১০ লাখ আলোকবাতি কিনতে দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বাজেট সম্পর্কে তিনি বলেন, বিশেষ বরাদ্দ ও করপোরেশনের নিজস্ব তহবিল থেকে সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। আপাতত এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রয়োজনীয়তার ভিত্তিতে খরচ করা হচ্ছে। অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এয়াকুব নবী জানান, নগরের বিমানবন্দর সড়কসংলগ্ন বিভিন্ন ভবন এবং সড়কদ্বীপ রাঙানোর জন্য ১০ লাখ ৬২ হাজার টাকার রং কেনা হয়েছে। এগুলো দিয়ে আপাতত কাজ চলছে। গত ক্রিকেট বিশ্বকাপের সময় সৌন্দর্য-বর্ধনের জন্য নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ফোয়ারা, ক্রিকেটারদের ভাস্কর্য এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিল করপোরেশন। এ ছাড়া, নগরের টাইগারপাস এলাকায় বসানো হয়েছিল বাঘের ভাস্কর্য। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এগুলোর অধিকাংশ নষ্ট ও বিবর্ণ হয়ে পড়েছে।

সূত্র জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এবারও এ ধরনের পরিকল্পনা নিয়েছিল সিটি করপোরেশন। গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত করপোরেশনের সাধারণ সভায় নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দুটি ফোয়ারা, ছয়টি ভাস্কর্য এবং বন্দরের দেওয়ালে ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। অর্থসংকটের কারণে এর কোনোটিই এবার বাস্তবায়িত হচ্ছে না। করপোরেশনের নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরে সৌন্দর্যবর্ধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। তবে ভাস্কর্য ও ফোয়ারা স্থাপনের কোনো পরিকল্পনা নেই।

চট্টগ্রাম নগরের সৌন্দর্যবর্ধন, রাস্তাঘাট সংস্কার ও মেরামত, এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন এলাকার নালা-নর্দমা পরিষ্কার রাখতে গত ২৫ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দেন বিসিবির পরিচালক ও ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন। একই চিঠিতে নগরের গুরুত্বপূর্ণ স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনার অনুরোধ জানান তিনি।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশনের উদ্যোগে বিমানবন্দর সড়ক, সাগরিকা সড়ক এবং আগ্রাবাদ এক্সেস সড়কদ্বীপ ও সড়কের পাশে অবস্থিত গাছ রং করা হয়েছে। এ ছাড়া, এসব সড়কের খানখন্দ ভরাট করে সেখানে নতুনভাবে কার্পেটিং করা হচ্ছে।

করপোরেশনের সৌন্দর্যবর্ধন কার্যক্রমকে দায়সারা উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘এই অল্প সময়ের মধ্যে বিশ্বকাপের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করা সম্ভব হবে কি না সন্দেহ আছে। আর করপোরেশনের চেষ্টার মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে না। গত বিশ্বকাপের আগে যে রকম উৎসব ও আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছিল, এবার এই রকম কিছু দেখছি না।’