শুভ জন্মদিন কোর্টনি ওয়ালশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কোর্টনি ওয়ালশ
কোর্টনি ওয়ালশ

জ্যামাইকার কিংস্টনের মলিনেস রোডে থাকতেন জোয়ান ওল্যাস্টন ও এরিক ওয়ালশ দম্পতি। ১৯৬২ সালের ৩০ অক্টোবর তাঁদের ঘর আলো করে এল এক শিশু, তারুণ্যেই যাকে চিনে গিয়েছিল গোটা বিশ্ব—কোর্টনি ওয়ালশ। টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেটের মালিক।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাল ৫৪তম জন্মদিন। তার আগে ক্যারিবীয় কিংবদন্তির সঙ্গে কথা বলে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানাচ্ছেন তারেক মাহমুদ

কোর্টনি ওয়ালশ মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। ছবি: শামসুল হক
কোর্টনি ওয়ালশ মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। ছবি: শামসুল হক

ক্রিকেটের সঙ্গে বিয়ে, ক্রিকেটের সঙ্গেই ঘর

ক্যারিবীয় সংস্কৃতিতে বিয়ে ব্যাপারটাই গৌণ। বন্ধুত্ব হবে, প্রেম হবে, একসঙ্গে থাকা হবে। তাতে নতুন প্রজন্মের আগমনও ঘটে যেতে পারে। তবে এই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার যুক্তি খুব কম ক্যারিবীয়ই দেখেন। বিয়ের শৃঙ্খল নয়, তাঁদের কাছে জীবন মানে ‘স্বাধীনতা’।
তবে কোর্টনি ওয়ালশ বিয়ে করেছেন। আর তাঁর এই ‘স্ত্রী’কে কখনো সতিনের ঘর করতে হয়নি। আফসোসে পুড়তে হয়নি, ‘আহা! ওয়ালশ ব্যাটা আমাকে ছেড়ে চলে গেল! কী পাষণ্ড!’ তা ক্যারিবীয় কিংবদন্তির একমাত্র স্ত্রীর নামটা কী, জানেন? ক্রিকেট। বিয়ে, স্ত্রী—এসব বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর একটাই উত্তর, ‘আমি তো ক্রিকেটকেই বিয়ে করেছি।’
টেস্ট ক্রিকেটে বহু গৌরবের মালিক ওয়ালশ প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেন ১৯৮২ সালে। ক্রিকেটের সঙ্গে সেই যে গাঁটছড়া বেঁধেছেন, তা টিকে আছে আজও। ওয়ালশের ভাষায়, ‘১৯৮২ সালে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করি। বলতে পারেন ক্রিকেটের সঙ্গে আমার বিয়েটা তখনই হয়ে গেছে। এরপর জীবনকে ক্রিকেটেই উৎসর্গ করে দিই। সবাইকে বলি, ক্রিকেটই আমার প্রেম। তাই ক্রিকেটকেই বিয়ে করেছি।’

ওয়ালশ একজন বাবাও...
ক্রিকেটের বাইরে ওয়ালশের আর কোনো বিয়ের কথা কেউ বলে না। এ প্রসঙ্গ উঠলে তিনি নিজেও যেন একটু ইতস্তত বোধ করেন। চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে কথা বলার সময়ও সাড়ে ছয় ফুট উচ্চতার ভদ্রলোক একটিবার বলেননি, তিনি ক্রিকেট ছাড়া আর কাউকে কখনো বিয়ে করেছেন কি না। তবে হ্যাঁ, প্রেমিকা তো ছিলই। ভদ্রমহিলা এখন অ্যান্টিগার একটি রিসোর্টে ম্যানেজারের দায়িত্বে আছেন।
গার্লফ্রেন্ড থাকার সূত্রে ওয়ালশ একজন বাবাও। তিন মেয়ে ও এক ছেলে তাঁর। অন্য বাবাদের মতো ওয়ালশও সন্তানদের নিয়ে আবেগপ্রবণ: ‘ওরা ওদের মায়ের সঙ্গে অ্যান্টিগাতে থাকে। আমার সঙ্গেও যোগাযোগ আছে। দেখা হলে আমার কী ভালো লাগে না-লাগে, সেসব নিয়ে সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে।’

 সবার আগে মা

কার মা পৃথিবীর সেরা মা নন? কোর্টনি ওয়ালশের কাছেও তাঁর মা-ই পৃথিবীর সেরা মা। মা থাকেন জ্যামাইকায়। তবে মনটা পড়ে আছে বাংলাদেশে, ‘মায়ের সঙ্গে আমার খুব একটা থাকা হয় না। সে জন্য মা খুব মন খারাপ করেন। এখনো নিশ্চয়ই আমাকে খুব মিস করছেন।’ এটুকু বলেই হেসে ওঠেন, ‘তবে জানি, আমি তাঁর কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। তাঁর মন ভালো হয়ে যাবে। ফোনে নিয়মিত কথা হয়। তবু মা অপেক্ষায় থাকেন আমি কবে যাব, তাঁর সঙ্গে সময় কাটাব। আমিও সে অপেক্ষায়ই আছি।’

ওয়ালশ বা তাঁর মা, কারও জন্যই অবশ্য একসঙ্গে না থাকাটা নতুন নয়। খেলোয়াড় থাকার সময় তো বাইরে বাইরেই থাকতেন। খেলা ছাড়ার পরও কখনো ম্যানেজার, কখনো নির্বাচক হয়ে এখানে-ওখানে ঘুরছেন। এখন পেস বোলিং কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে। তবে বাড়ি গেলে ওয়ালশের হাতে বানানো খাবার মাকে খাওয়াতেই হবে, ‘মায়ের জন্য খাবার তৈরি করা আমার খুব পছন্দ। মা-ও আমার হাতের রান্নার দারুণ ভক্ত।’

তা কী রেঁধে খাওয়ান মাকে? প্রশ্নটা শুনে ওয়ালশ যেন ঢুকে পড়লেন মায়ের রসুইঘরে, ‘আমি সবই...মা যখন যা চান। অনেক সময় শুধুই রাইস-চিকেন বা পিৎজা, তাতেই তিনি খুশি থাকেন। আমাদের জাতীয় খাবার যেটা, আকি সল্টফিশ...ওটা বানিয়ে দিই। আকি সল্টফিশ মা খুব পছন্দ করেন।’


অবসর
মানেই ‘ডমিনো’
ক্রিকেটের যাযাবর ওয়ালশের জীবন যখনই জ্যামাইকায় গিয়ে থামে, সময় কাটানোর প্রিয় সঙ্গী হয়ে ওঠে ডমিনো খেলা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলাটা খুবই জনপ্রিয়। রেস্তোরাঁ, ফুটপাত, বাড়ির বারান্দা—সবখানেই দেখা মিলবে ছক্কা-পাঞ্জার মতো ঘুঁটি নিয়ে ডমিনোর জটিল ধাঁধা মেলানোয় ব্যস্ত ছেলে-বুড়োদের। ওয়ালশও সে রকম একজন। ডমিনো খেলা আরও অনেক জ্যামাইকানের মতো তাঁরও নেশা। বাকিটা ওয়ালশের মুখেই শুনুন, ‘অবসরে ডমিনো খেলাটাই সবচেয়ে পছন্দ করি। জ্যামাইকায় গেলে পরিচিত-অপরিচিত সবার সঙ্গেই এটা খেলি। ডমিনো খেলতে একেক দিন একেক গ্রুপের সঙ্গে মিশে যাই। এটা অন্য রকম একটা নেশা।’

দুই শিষ্যের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ছবি: শামসুল হক
দুই শিষ্যের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ছবি: শামসুল হক

কাডিজ—স্বপ্ন যখন সত্যি
কোর্টনি ওয়ালশ একজন ব্যবসায়ীও। জ্যামাইকায় একটা স্পোর্টস বারের মালিক, নাম ‘কাডিজ’। দেশে গেলে বেশির ভাগ সময় ওখানেই কাটে। একা মানুষ, বাড়িতে রান্নাবান্না হয় না। লাঞ্চ-ডিনার সব তাই কাডিজে। আর বন্ধুবান্ধবও ওয়ালশকে খুঁজতে খুঁজতে কেন যেন এখানেই চলে আসে।
স্পোর্টস বার দেওয়ার ইচ্ছা ওয়ালশের খেলোয়াড়ি জীবন থেকেই। অবসরের পর সময় ও সুযোগ দুটোই হাতে থাকায় ইচ্ছেটা পূরণও করে ফেলেন। ‘এটা একটা স্পোর্টস বার ও গ্রিলড ফুডের দোকান। মানুষ এখানে এসে খেলা দেখে, খায়দায়, আনন্দ করে। বলতে পারেন, সামাজিক সম্মিলনের একটা জায়গা। লোকেশন ভালো হওয়ায় তরুণেরা বেশি আসে। আমিও জ্যামাইকায় গেলে সারা দিন ওখানেই থাকি,’ চট্টগ্রামে বসেই যেন কাডিজে ঢুঁ মেরে এলেন ওয়ালশ।

আছে
মেলবোর্ন ক্লাবও
১৯৭৯ সালের ঘটনা। স্কুল ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে চমকে দিল কিশোর কোর্টনি ওয়ালশ। তবে মাইকেল মেলবোর্ন ক্লাবে খেলা ওয়ালশের জন্য সেটা অস্বাভাবিক কিছু ছিল না। কৈশোরের স্মৃতিবিজড়িত সেই ক্লাবের মায়া ওয়ালশ আজও কাটাতে পারেননি। জ্যামাইকায় থাকলে এখনো বিকেলবেলাটা পুরোনো সেই ক্লাবে গিয়েই কাটান, ‘মেলবোর্ন ক্লাবে শুরু আমার। এখনো জ্যামাইকায় থাকলে প্রায় প্রতিদিন বিকেলে ওখানে যাই বাচ্চাদের ক্রিকেট অনুশীলন দেখতে। ওদের সঙ্গে কথা বলি, জুস-পানি এসব কিনে দিই। ওরাও খুব উপভোগ করে।’

বন্ধুবৎসল
ওয়ালশের বন্ধুতালিকা বেশ লম্বা। জিমি অ্যাডামস, রবার্ট স্যামুয়েলস, ওয়াভেল হাইন্ডসদের মতো ক্রিকেটার বন্ধুই তো অনেক জ্যামাইকায়! একসঙ্গে হলেই আড্ডা আর ঘোরাঘুরি। এ ছাড়া অ্যান্টিগায়ও কিছু ঘনিষ্ঠ বন্ধু আছেন, ‘ওখানে গেলে কার্টলি অ্যামব্রোসের সঙ্গে দেখা হবেই। আরও অনেকেই আছে।’
র্বাচক হওয়ার পর যখন যে দ্বীপে গেছেন, চেষ্টা করেছেন পুরোনো বন্ধুদের খুঁজে বের করতে। আলাদা করে বললেন অ্যালডিন ব্যাপটিস্টের কথা, ‘সে অ্যান্টিগার মানুষ। আমি নির্বাচক থাকার সময় সে ওখানেই ছিল। আমরা বেশ ভালো বন্ধু।’

গানের লোক ওয়ালশ

দাদি একবার বলেছিলেন, ‘তোকে শিল্পী বানাব। তুই গান গাইবি।’ ছোটবেলার কথাটা মনে হতেই হেসে ওঠেন ওয়ালশ, ‘দাদি চেয়েছিলেন আমি সংগীতশিল্পী হই। কিন্তু আমি বলেছি, গান কখনোই গাইব না। আমি কথা বলব, কিন্তু গান গাইব না। হা হা হা।’

নিজে না গাইলেও ওয়ালশের আশপাশে গায়ক কম নেই। কার্টলি অ্যামব্রোস এখন কোচের ভূমিকায় থাকলেও শিল্পী হিসেবে তাঁর পরিচয় আছে। ‘স্পিরিটেড’ নামে একটা ব্যান্ড দলের সদস্য সাবেক এই ফাস্ট বোলার। একসময় রিচি রিচার্ডসনও ছিলেন সঙ্গে। সংগীতপ্রেমী ওয়ালশের খুব পছন্দের এই ‘স্পিরিটেড’। সুযোগ পেলেই ছুটে যান তাদের কনসার্ট দেখতে। একবার নাকি মঞ্চে উঠে নেচেছেনও।

গান আসলে ক্যারিবীয়দের রক্তেই। ওয়েস্ট ইন্ডিজের কোনো দ্বীপে আপনি ঘুরে বেড়াচ্ছেন আর কানে হেডফোন লাগিয়ে গানের তালে হেলতে-দুলতে যাওয়া কাউকে দেখবেন না, এটা হতেই পারে না। গান ওয়ালশকেও নাচায়। বিশেষ কোনো গানের প্রতি অনুরাগ না থাকলেও তাঁর প্রথম পছন্দ রেগে। ‘অনেক ধরনের গানই আছে, যেগুলো শুনতে পছন্দ করি। তবে রেগে প্রথম পছন্দ। সোল, আরএমবির গান পছন্দ করি। ক্যালিপসোও ভালো লাগে। মুড এলে সেটাও শুনি। কিন্তু প্রথম পছন্দ অবশ্যই রেগে।’

বব মার্লের প্রতিবেশী বলেই কি!

চাইলে ওয়ালশের সংগীতপ্রেমের সঙ্গে বব মার্লেকেও মেলাতে পারেন। ষাট-সত্তরের দশকের এই বিখ্যাত শিল্পীর বাড়ির খুব কাছেই কোর্টনি ওয়ালশদের বাড়ি, সেখানেই কেটেছে শৈশব-কৈশোরের দূরন্ত দিনগুলো। তবে ওয়ালশের আফসোস, বব মার্লের সঙ্গে কখনো কথা বলার সুযোগ হয়নি, ‘উনি যখন মারা যান, আমার বয়স তখনো খুব বেশি নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তাঁর সঙ্গে আমার কখনো কথা হয়নি। তবে তাঁর স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা হয়েছে। তাদের সঙ্গে পরিচয় আছে। ওই বাড়িটাতে এখন বব মার্লে জাদুঘর হয়েছে।’

এখনো পেলেই সেরা

কোর্টনি ওয়ালশ আদর্শ মেনেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণসময়ের সব ক্রিকেটারকেই। শুধু মাইকেল হোল্ডিং কিছুটা এগিয়ে। কিন্তু সব খেলা মিলিয়ে যদি বলেন, ওয়ালশের চোখে পেলের ওপরে কেউ নেই, ‘অন্য খেলার অনেককেই অনুসরণ করতাম। টেনিসে জন ম্যাকেনরো। বক্সিংয়ে মোহাম্মদ আলী, বাস্কেটবলে মাইকেল জর্ডান। আমি তাঁদের জীবনটা দেখতে চাইতাম। বাস্কেটবল দেখতাম তো জর্ডানের কারণেই! তবে পেলে এক নম্বর। পেলের কারণেই ফুটবলে আমি এখনো ব্রাজিলের সমর্থক।’

ফুটবল খেলা দেখার নেশা ছিল একসময়। এখন তা অনেকটাই কেটে গেলেও মেসি-রোনালদোর খেলা ভালো লাগে, ‘ক্লাব ফুটবলে আমি কারও সমর্থক নই। এই দুজনের কারণে মাঝে মাঝে ফুটবল দেখা হয়। তবে বক্সিং আর টেনিস বেশি দেখি।’

ফুটবল খেলা দেখেন, লাইভ কনসার্টে যান, বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় আড্ডাবাজি করেন—কোর্টনি ওয়ালশও দেখি রক্ত-মাংসে গড়া মানুষই! ৫৪তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা। শুভ জন্মদিন, ওয়ালশ!