শুভ জন্মদিন, গুণদা, দ্য গ্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ ইয়র্কের বাংলা উত্সবে নির্মলেন্দু গুণ। ছবি: ইউসুফ সা’দ
নিউ ইয়র্কের বাংলা উত্সবে নির্মলেন্দু গুণ। ছবি: ইউসুফ সা’দ

নির্মলেন্দু গুণ নিউইয়র্কে আসছেন, শুনে আমি খুশিতে প্রায় আত্মহারা। একটা মাস থাকতে হবে আমেরিকার জনবিরল রোড আইল্যান্ডে, একটা বিশ্ববিদ্যালয়ে লিটেরারি আর্ট বিভাগের সঙ্গে যুক্ত হয়ে; এর মধ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে মুক্তধারার বাংলা উৎসব, সঙ্গে বইমেলা। বিশ্বজিৎ সাহা জানালেন, উদ্বোধন করতে আসছেন গুণদা। আমি বলি, ‘গুণদা আসছেন তো? তাহলে আমিও যাব।’ এলেন তিনি। আমার অন্যতম প্রিয় কবি এবং প্রিয় মানুষ—আমার এবং অনেকের। ২০১৩-এর মে মাসের শেষের সপ্তাহে। আমিও সেখানে গিয়ে হাজির। এমন না যে, ঢাকায় তাঁর সঙ্গে দেখা হয় না। দেখা হয় কম কম, কথা হয় বেশি বেশি। দেখা কম হয়, কারণ তিনি প্রায়ই চলে যান তাঁর নেত্রকোনার গ্রামের বাড়ি, সেখানে তিনি স্কুল বানিয়েছেন, সেই স্কুলে আজ পাঠাগার বানাচ্ছেন, তো কাল বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেলের ভাস্কর্য স্থাপন করছেন। কথা বেশি হয়, কারণ গুণদা বলে রেখেছেন, ‘শোনো, আমি ফোন করলে হয় ধরবা না, আর যদি ধরো, তাড়াতাড়ি রাখতে পারবা না।’ আধা ঘণ্টার আগে তিনি ফোন রাখেন না, মোবাইল ফোন কোম্পানিগুলোকে তিনি বড়লোক বানিয়ে দিলেন। নির্মলেন্দু গুণ ফিতা কেটে উদ্বোধন করছেন, আমি ১৫ মিনিট লেট, দৌড়ে গিয়ে গুণদার পাশে দাঁড়াই, ছবিতে তো নিজেকে রাখতে হবে। নিউইয়র্কের বাংলা উৎসব যথাসময়ে শুরু হলো! এর আগে তো কোনো বছর এই অনুষ্ঠান দুই ঘণ্টা লেট না করে শুরু হয়নি! সেই অপবাদ বোধ হয় এবার থেকেই দূর হয়ে গেল। কারণ, অনুষ্ঠান প্রবাহের দায়িত্ব নিয়েছে নতুন প্রজন্ম, যাদের জন্ম আমেরিকায়। ওরা এক মিনিট দেরিও সহ্য করতে চায় না। আরেকটা দিক ভালো লাগল এবারের নিউইয়র্ক বইমেলার, বইয়ের প্রদর্শনীটিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে, শাড়ি-গয়না পাঠিয়ে দেওয়া হয়েছে ওপরের তলায়। নিচতলায় একসঙ্গে চলতে থাকা চারটা অনুষ্ঠানের পাশে কেবলই বইমেলা। গুণদার সঙ্গে গল্প তেমন হলোই না, কারণ অনুষ্ঠান শেষ করে গুণদা গিয়ে বইয়ের স্টলে বসেন, বইয়ে সই করেন, আর দুনিয়ার মেয়েরা এসে তাঁর পাশে বসে ছবি তোলে। আমি দুষ্টামি করে ফেসবুকে স্ট্যাটাস দিই, রবীন্দ্রনাথের বই কিনে সবাই নির্মলেন্দু গুণের অটোগ্রাফ নিচ্ছে। গুণদা রসিকতা বোঝেন, স্ট্যাটাস পড়ে হাসেন। (গুণদা ফেসবুকেও খুব সক্রিয়।) লেখক-পাঠক মুখোমুখি শিরোনামে একটা অনুষ্ঠান হয়। সেটা সঞ্চালনা করেন হাসান ফেরদৌস। তিনি আমাকে প্রথম প্রশ্ন করেন, এই বইমেলায় নারীভক্তরা নির্মলেন্দু গুণকে ছেঁকে ধরে আছেন, আপনার ঈর্ষা হয় না। আমি একেবারে সত্য কথাটা বলি, ‘একদম না। কারণ, আমি যখন কৈশোরে সবে কবিতা লেখার চেষ্টা করছি, রবীন্দ্রনাথের গদ্যকবিতা ‘বাঁশি’ বা ‘ক্যামেলিয়া’ পড়ে বোঝার চেষ্টা করছি গদ্য কী করে কবিতা হলো, তখনই আমার হাতে আসে নির্মলেন্দু গুণের কবিতার বই নির্বাচিতা। তাঁর বহু কবিতা এখনো আমার মুখস্থ। আমি নিজেই যেহেতু গুণদার পাশে একটু বসতে পারলে বর্তে যাই, কাজেই গুণদাকে আমার ঈর্ষা করার প্রশ্নই আসে না।’ হাসান ফেরদৌস ভাই আমার কথাটা বিশ্বাস করলেন বলে মনে হলো না।

গুণদাকে একটা বিষয়েই আমি ঈর্ষা করি—তাঁর জীবনযাপন। যে জীবন আমিও যাপন করতে চাই, কিন্তু করার সাহস নেই, তাই করে থাকেন গুণদা। আর যা তিনি করে থাকেন, তা নিয়ে কোনো লুকোছাপা নাই। তাঁর আমার কণ্ঠস্বর কিংবা ছেলেবেলা পড়লেই বোঝা যাবে, গোপনীয়তা বলতে তাঁর কিছু নেই।

নিউইয়র্কের এবারের বইমেলায় আমার নগদ লাভ কী? গুণদার স্বকণ্ঠে তাঁর ‘হুলিয়া’ কবিতার পুরোটা আবৃত্তি শোনা। গুণদার কবিতা কৈশোরে পড়ে আমি আপ্লুত ছিলাম। কিন্তু এখনো গুণদার বহু কবিতা পড়ে আমি নিমজ্জিত হই। এই তো সেদিন রাতের বেলা তাঁর কবিতা পড়ছি, আর আমার দুই চোখ দিয়ে টপটপ করে জল ঝরছে:

কবিতা আমাকে জাগিয়ে রাখে,

ঘুমুতে দেয় না। আমাকে সে কষ্ট দেয়

আমার মেয়ের চোখের জলের মতো।...

আমি তাকে বুঝিয়ে বলি:—যাও—,

শামসুর রাহমানের কাছে যাও,

তিনি আমার চেয়ে বড়ো, তাঁকে ধরো,

তিনি তোমাকে জন্ম দেবেন।

তুমি তছনছ করো তাঁর সংসার।

একবার গুণদার আঁকা ছবির প্রদর্শনী হলো। আমি দুটো ছবি কিনলাম। একটা বেশ দাম দিয়ে, আরেকটার তত দাম নয়। বললাম, ‘আপনার ছবি কেন কিনছি, কারণ আপনি টাকাটা স্কুলের পেছনে ব্যয় করবেন।’

তিনি বললেন, ‘খবরদার, তুমি ছবি কিনবা না। যদি ছবি তোমার পছন্দ না হয়, তাহলে আমাকে সাহায্য করার জন্য ছবি কেনার তোমার দরকার নাই।’ এ রকমই তীব্র আর জাগ্রত তাঁর শিল্পীর অহংকার।

নির্মলেন্দু গুণের কবিতা ও গদ্য—দুই-ই অসাধারণ এবং অনন্যসাধারণ হলেন মানুষ গুণ। গ্রেট। তাঁর জন্ম ১৯৪৫-এ, ২১ জুন, ২০১৩-তে তাঁর বয়স হয় ৬৮, কিন্তু আজ উদ্যাপিত হচ্ছে তাঁর ৬৯ বছর। এটাকে বলা হয় ৬৯-এ পা রাখা। আমি বলি, গুণদা, আপনি সিক্সটি নাইনে পৌঁছালেন? তিনি হাসেন, ‘উল্টাপাল্টা সিক্সটি নাইন...’

শুভ জন্মদিন, নির্মলেন্দু গুণ, দ্য গ্রেট, প্রিয় কবি এবং প্রিয় মানুষ।