শুভর অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভজিৎ মজুমদার
শুভজিৎ মজুমদার

গিটার হাতে গান কিংবা সরস গল্পের গাঁথুনিতে বন্ধুদের মধ্যমণি তিনি। মধ্যমণি তিনি এমন আরও সাত কর্মে। যেমন সম্প্রতি ভারতে অনুষ্ঠিত এসএআই আন্তর্জাতিক মুন সম্মেলনে (জাতিসংঘ অধিবেশনের আদলে ছায়া-সম্মেলন) অংশ নিয়ে আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে অর্জন করেছেন ‘সেরা প্রতিনিধি’ সম্মাননা। এই ‘তিনি’ হচ্ছেন শুভজিৎ মজুমদার। ব্যবসায় প্রশাসন বিভাগে প্রথম বর্ষে পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
মুন সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা বলেন শুভজিৎ, ‘সম্মেলনে আমি ইউনিসেফের প্রতিনিধিত্ব করি। আলোচনার আগে যুদ্ধপরবর্তী দেশগুলোয় শিশুদের পুনর্বাসন ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমান অধিকার বিষয়ে কথা বলেছি।’ আন্তর্জাতিক এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ব্রাজিলসহ মোট ১৫টি দেশের প্রায় ৩৫০ তরুণ প্রতিনিধি অংশ নেন।
ছোটবেলা থেকেই শুভজিৎ এমন আলো ছড়িয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। যেমন প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ব্রোঞ্জপদক জেতেন জয়নুল-কামরুল আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তখন থেকেই চর্চা করেন গান, অঙ্কন আর বিতর্কের। সেন্ট জোসেফ স্কুলের বিতর্ক ক্লাব ‘জোসেফাইট ডিবেটিং ক্লাব’-এর সহসভাপতি নির্বাচিত হন সেই পুঁচকে বয়সে। স্কুল পেরিয়ে কলেজেও নিজেকে মেলে ধরেন বিতর্ক আঙিনায়। সহসভাপতি নির্বাচিত হন নটর ডেম ডিবেটিং ক্লাবের।
বিতর্কে নিজের অর্জন সম্পর্কে শুভজিৎ বলেন, ‘বিতর্কে চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু বিতর্ক করতে এসে নিজেকে যাচাই করার সুযোগ পেয়েছি। এখানে নিজের যুক্তির দৌড় ও জ্ঞানের পরিধি কতখানি, তা জানা যায়।’
বিতর্কে শুভজিতের অর্জনের তালিকাও বিশাল। নটর ডেম কলেজের হয়ে শুভজিতের দল প্রাইম ব্যাংক-এনডিডিসি ২৪তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১১, হারম্যান মেইনার কলেজ বিতর্ক উৎসব-২০১১ ও প্রথম আলো-ভিকারুননিসা নূন স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১২-তে চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া তাঁর দল রানারআপ হয়েছে বুয়েট ডিবেটিং ক্লাব আয়োজিত আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অরগানাইজেশন (জুডো) আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায়। শুধু বিতর্ক নয়, পড়াশোনাতেও থেকেছেন শীর্ষে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুটো পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ-৫। তুখোড় এই বিতার্কিক নিজের স্বপ্নের কথা বলেন এক বাক্যে, ‘মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চাই।’