শুভর সূর্য ঢেকে গেল মেঘে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছল-ডানপিটে শুভ কিছুদিন আগেও গ্রামের পথেঘাটে দাপিয়ে বেড়িয়েছে। কিন্তু এখন অনেকটাই বাক্রুদ্ধ সে, চোখে রাজ্যের শূন্যতা। মাঝেমধ্যেই দুঃসহ যন্ত্রণায় কেঁপে ওঠে। প্রতিদিন যার সঙ্গে বিদ্যালয়ে যাওয়া, খেলা, খুনসুটি-ঝগড়া, সেই ছোট ভাই সূর্য যে তার চোখের সামনেই ঢেকে গেল ঘন মেঘের আড়ালে।আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শুভ চন্দ্রনাথের পিঠাপিঠি ছোট ভাই সূর্য চন্দ্র নাথ একই বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত। তাদের বাড়ি মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা গ্রামে। বাবার নাম খোকন চন্দ্র নাথ, মা ডলি রানী দেবী।দুই ভাই সেদিনও (১১ জুলাই) মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল একসঙ্গে। তবে শুভ গিয়েছিল সাইকেল চালিয়ে, আর সূর্য অন্য বন্ধুদের সঙ্গে ট্রাকে চড়ে। খেলা শেষে একইভাবে ফিরছিল দুজন। শুভ মিরসরাই স্টেডিয়াম থেকে সাইকেলে আগে রওনা দিলেও ট্রাকটি সূর্যদের নিয়ে দ্রুত এগিয়ে যায়, আর শুভ পড়ে যায় পেছনে।বড়তাকিয়া বাজারে ট্রাকটি এসে পৌঁছালে কিছু কিশোর ভয়ে নেমে যায়। কারণ, চালক মফিজ খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। বিদ্যালয়ে পড়ুয়াদের অনেকে যখন ট্রাক থেকে বড়তাকিয়া বাজারে নামছিলেন, তখন শুভর সাইকেল ওই বাজার অতিক্রম করছিল। শুভ ছোট ভাই সূর্যকে ট্রাক থেকে নেমে সাইকেলে ওঠার জন্য অনুরোধও করেছিল। কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েছিল সূর্য। খুব ক্ষিদে পেয়েছিল তার।আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালি এলাকার কাছাকাছি পৌঁছাতেই শুভ দেখতে পায়, খুব দ্রুত সেতু পার হতে গিয়ে ট্রাকটি রাস্তার দক্ষিণ পাশের ডোবায় উল্টে যায়। আতঙ্কিত, হতবিহ্বল শুভ তবু ভাবতে পারেনি সেখানেই সব শেষ।শুভদের বাড়ির আঙিনায় বসে তার মা-বাবা যখন এসব বলছিলেন, তখনো শুভ একদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল। চোখ মুছছিল ক্ষণে-ক্ষণে। কেবল একবার ক্ষীণ গলায় বলল, ‘ওর আর ভাত খাওয়া হলো না।’ শুভদের বাড়িতে যখন এসব কথা হচ্ছিল, তখন সেখানে এসে হাজির হয় আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র পুষন দেবনাথ। পুষন জানায়, ট্রাকে সে সূর্যের কাছাকাছি ছিল। তবে সে (পুষন) ছিল ট্রাকের রেলিং ধরে আর সূর্য ছিল ট্রাকের মাঝামাঝি। দুর্ঘটনার সময় কীভাবে পুষন লাফ দিল বা কীভাবে বাঁচল, সেটা তার মনে নেই। কথা বলতে বলতে বারবারই গলা বুজে আসছিল পুষনের। সেদিনকার কথা বলতে গেলে শুভর মতো স্বাভাবিক থাকতে পারে না সে। কী যেন একটা অজানা ভয় তাড়া করে ফেরে তাকেও।